Published : 22 Jun 2026, 04:16 PM
রদ্রি, পেদ্রি, মিকেল মেরিনো, ফাবিয়ান রুইস, গাভি- একঝাঁক দুর্দান্ত মিডফিল্ডার স্পেনের। সৌদি আরবকে উড়িয়ে দেওয়ার পর দলটির কোচ লুইস দে লা ফুয়েন্তে দাবি করেছেন, তার মাঝমাঠই সেরা। এ নিয়ে ওঠা প্রশ্নে, আর্জেন্টাইন মিডফিল্ডার এন্সো ফের্নান্দেস তর্কের পথে হাঁটলেন না। শুধু বলে দিলেন-মাঠেই দেখা যাবে!
কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে উত্তর আমেরিকা বিশ্বকাপ শুরু করা স্পেন, নিজেদের মান দেখিয়েছে সৌদি আরবের বিপক্ষে ম্যাচে। ৪-০ গোলে জিতেছে ২০১০ সালের চ্যাম্পিয়নরা। শিরোপা ফিরে পাওয়ার মিশনে থাকা দে লা ফুয়েন্তের দল এবারের ফেভারিটদের মধ্যে একটিও।
লিওনেল মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে উড়ন্ত শুরু পেয়েছে আর্জেন্টিনা। সোমবার লিওনেল স্কালোনির দল গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রিয়ায়। বাংলাদেশ সময় রাত ১১টায়। শিরোপা ধরে রাখার লক্ষ্যে আসা মেসি-মার্তিনেসরাও আছেন ফেভারিটের তালিকায়।
আর্জেন্টিনার মাঝমাঠে নির্ভরযোগ্য খেলোয়াড়ের কমতি নেই। ফের্নান্দেসের সঙ্গে আছেন রদ্রিগো দে পল, আলেক্সিস মাক আলিস্তের, লেয়ান্দ্রো পারেদেস, নিকো গন্সালেস, এসেকিয়েল পালাসিওসম থিয়াগো আলমাদাসহ আরও অনেকে।
অস্ট্রিয়া ম্যাচ সামনে রেখে, স্পেন কোচের দাবি নিয়ে প্রশ্ন করা হয় ফের্নান্দেসকে। ২৫ বছর বয়সী এই মিডফিল্ডার তুলনা বা তর্কের যেতে চান না। স্পেনের প্রশংসা করলেও, সেরার প্রমাণ তিনি মাঠে দেখতে এবং দেখাতে চান।
“আমি এ নিয়ে কোনো তর্কে যেতে চাই না। কে সেরা বা বাজে, সেটা মাঠেই দেখা যাবে। বিশ্বের গুরুত্বপূর্ণ মিডফিল্ডের একটি স্পেন দলের, কেননা, তাদের দারুণ সব খেলোয়াড় আছে ওই পজিশনে।”