Published : 21 Jun 2026, 04:11 PM
হযরত শাহজালালের (র.) মাজারের দানবাক্স নিয়ে আলোচনার মধ্যে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে সরিয়ে দিল সরকার।
তাকে উপসচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করে রোববার আদেশ জারি করেছে মন্ত্রণালয়।
সারওয়ার আলমের নেতৃত্বে সিলেট জেলা প্রশাসন গত বৃহস্পতিবার শাহজালালের (র.) মাজারে নতুন কয়েকটি দানবাক্স স্থাপন করে। সেই সঙ্গে মাজারে থাকা দানের ঐতিহাসিক তিনটি ‘ডেগ সিলগালা’ করা এবং ‘নিরাপত্তার জন্য’ আনসার সদস্য মোতায়েন করা হয়, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মাজার ভক্তরা।
পরদিন সিলেটের হযরত শাহপরাণ (র.) মাজার পরিদর্শন করে মাজারটির আয়-ব্যয়ে স্বচ্ছতা, পরিকল্পিত উন্নয়ন ও মাদকের আসর বন্ধে বিভিন্ন নির্দেশনা দেন ডিসি সারওয়ার আলম।
সাদা পাথর লুটের ঘটনা দেশব্যাপী আলোচিত হওয়ার মধ্যে ২০২৫ সালের ১৮ অগাস্ট সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছিল।
সারওয়ার আলম ২০০৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে স্নাতকোত্তর করেন। ২৭তম বিসিএসে উত্তীর্ণ হয়ে ২০০৮ সালে প্রশাসন ক্যাডারে যোগ দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে র্যাবে যোগ দিয়ে ভেজালবিরোধী বিভিন্ন অভিযান পরিচালনা করে আলোচনায় ছিলেন সারওয়ার।
২০১৯ সালে ক্যাসিনো বন্ধে অভিযান চালানোর পর করোনাভাইরাস মহামারীর মধ্যে হাসপাতালগুলোতে চলা অভিযানেও নেতৃত্বে ছিলেন তিনি।
২০২০ সালে তখনকার সংসদ সদস্য হাজী মো. সেলিমের বাড়িতে অভিযানেও নেতৃত্ব দেন সারওয়ার আলম। হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমকে দেড় বছরের সাজাও দেন তিনি।
প্রায় ছয় বছর ধরে একই দায়িত্বে থাকার পর ২০২০ সালের নভেম্বরে সারওয়ার আলমকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব হিসেবে বদলি করা হয়। পরে তিনি পদোন্নতি পেয়ে উপসচিব হন।
পুরনো খবর
শাহপরাণ মাজারের আয়-ব্যয়ে স্বচ্ছতা ও মাদক বন্ধের নির্দেশ সিলেট ডিসির