২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার সারাদেশে উপজেলা-থানায় বিএনপির অবস্থান কর্মসূচি

বিএনপির কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে ৫৮২টি উপজেলা-থানায় বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত অবস্থান কর্মসূচি হবে।

শনিবার সারাদেশে উপজেলা-থানায় বিএনপির অবস্থান কর্মসূচি

ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2023, 04:11 PM

Updated : 07 Apr 2023, 04:11 PM

সরকারের ‘পদত্যাগ’সহ ১০ দফা দাবি এবং বিদ্যুৎ-গ্যাস-নিত্যপণ্যের দাম বৃদ্ধি এবং দুর্নীতির প্রতিবাদে শনিবার সারাদেশে থানা-উপজেলা পর্যায়ে দুই ঘণ্টা অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি।

শুক্রবার দলের কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “৫৮২টি উপজেলা-থানায় এই অবস্থান কর্মসূচি হবে বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত। এসব কর্মসূচিতে কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন।“

দলের সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু জানিয়েছে, কর্মসূচিতে অংশ নিতে কেন্দ্রীয় নেতারা ইতোমধ্যে ঢাকা ছেড়ে জেলায় জেলায় চলে গেছেন।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ৫০টি থানাতেও এই অবস্থান কর্মসূচি হবে বলে বিএনপি মহানগর থেকে জানানো হয়েছে।

বিএনপি ছাড়াও লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি শনিবার বিকেল ৩টায় রাজধানীর পান্থপথে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি করবে। সেখানে দলের মহাসচিব রেদোয়ান আহমেদসহ কেন্দ্রীয় নেতারা থাকবেন বলে সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সর্বশেষ গত ১ এপ্রিল বিএনপিসহ সমমনা জোটগুলো ঢাকাসহ সব মহানগর ও জেলা সদরে অবস্থান কর্মসূচি করেছে।

সংসদ নির্বাচনের এক বছর আগে বিভাগীয় শহরগুলোতে সমাবেশের পর গত বছরের ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করে সরকারের পদত্যাগ, সংসদ বাতিল ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি ঘোষণা করে বিএনপি।

এরপর থেকে যুগপৎ আন্দোলন কর্মসূচি হিসেবে ২৪ ডিসেম্বর থেকে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো ধারাবাহিকভাবে গণমিছিল, অবস্থান কর্মসূচি, মানববন্ধন বিক্ষোভ সমাবেশ শুরু করে।

গত ১৮ মার্চ রোজার মাসে ধারাবাহিকভাবে অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় বিএনপি। তার অংশ হিসেবে বিএনপি মহানগর-জেলা সদরের পর উপজেলা-থানায় অবস্থান কর্মসূচি করছে।

আগামী ১০ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ইউনিয়ন পর্যায়ে অবস্থান কর্মসূচি রেখেছে সরকারবিরোধী আন্দোলনে থাকা দলটি।