২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৃত্যু, আগুন আর সংঘাতে গেল অবরোধের প্রথম দিন, যানও চলল

রাতের ভাগে বিএনপির দুই নেতা মির্জা আব্বাস ও সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের গ্রেপ্তার এসেছে বড় খবর হয়ে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2023, 01:00 AM

Updated : 01 Nov 2023, 01:25 AM

যানজটের স্বাভাবিক ঢাকায় গাড়ি চলেছে কম; তবে সড়কে সাধারণের চলাচলে বাধা হয়নি অবরোধ আর দুয়েক জায়গায় বাসে দেওয়া আগুন। যাত্রীর অভাবে দূরের পথে গুটিকয়েক বাস চললেও ট্রেন গেছে সময় মেনেই। যাত্রী কম থাকায় লঞ্চও ছেড়েছে কম।

রাজধানীর রাজপথজুড়ে রাজনৈতিক কর্মীদের ঘিরে অপ্রীতিকর তেমন কোনো ঘটনা যেমন খবর হয়নি, তেমনি ঢাকার বাইরে অন্য বড় নগর ও শহরও ছিল গোলযোগবিহীন। তবে দিনভর উদ্বেগ ছড়িয়েছে কয়েক জেলায় সংঘাতের খবর; কিশোরগঞ্জে দুই ও সিলেটে প্রাণক্ষয় হয়েছে একজনের। দুর্বৃত্তদের দেওয়া আগুনে যানবাহনও পুড়েছে বিভিন্ন জায়গায়।

অবরোধ কর্মসূচির প্রথম দিনে এমন সহিংসতার মধ্যে ঢাকা ও গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভও এলাকায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

দিনভর শঙ্কা ও উদ্বেগ নিয়ে অনেকেই ফেইসবুকের বিভিন্ন গ্রুপে পোস্ট দিয়ে জানতে চেয়েছেন রাস্তার অবস্থা।

আর রাতের ভাগে বিএনপির দুই নেতা মির্জা আব্বাস ও সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের গ্রেপ্তার এসেছে বড় খবর হয়ে।

Image

বেতন বৃদ্ধির দাবিতে ঢাকার মিরপুর-১১ নম্বর এলাকায়  মঙ্গলবার পোশাক  শ্রমিকদের বিক্ষোভ। ছবি: তাওহীদুজ্জামান তপু

মৃত্যু, আগুন আর সংঘর্ষের বিক্ষিপ্ত এমন ঘটনার মধ্যে মঙ্গলবার অনেকটা এভাবেই সরকার হটানোর ধারাবাহিক আন্দোলনে থাকা বিএনপির ডাকা তিন দিনের অবরোধ শুরু হয়েছে। পৃথকভাবে অবরোধ ডেকে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদেরও রাজপথে থাকতে দেখা যায়নি।

অবরোধের প্রথম দিন তেমন তৎপরতা দেখা না যায়নি বিএনপির জ্যেষ্ঠ নেতাদেরও। তবে সকাল ৭টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড এলাকায় দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে হয়েছে মিছিল।

পরে বিকালে তৃতীয় দিনের মতো অনলাইনে সংবাদ সম্মেলনে এসে তিনি সরকারের পদত্যাগের দাবিতে এ কর্মসূচিতে ‘স্বতঃস্ফূর্তভাবে’ অংশ নেওয়ায় সবাইকে ধন্যবাদ দিয়েছেন।

Image

কিশোরগঞ্জে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে মঙ্গলবার দুইজন নিহত হয়

তিনি অবরোধ কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচরসহ বিভিন্ন স্থানে নিহত ও আহতদের ঘটনার চিত্র তুলে ধরেন। তার অভিযোগ, ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা দিনভর বিভিন্ন জায়গায় ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ চালিয়েছে। তিনি আইনশৃঙ্খলা বাহিনী প্রতিবন্ধকতার কথাও তুলে ধরেন।

অবরোধের মধ্যেই বিএনপি তিন কর্মীর নিহত হওয়ার প্রতিবাদে সিলেট বিভাগ ও কিশোরগঞ্জে বুধবার হরতাল ডেকেছে।

অপরদিকে বিএনপি-জামায়াতের অবরোধের ‘নাশকতা ঠেকাতে’ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়সহ ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও পাড়া মহল্লায় অবস্থান ছিল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। শান্তি সমাবেশের কর্মসূচি নিয়ে অবরোধের তিন দিনই দলটি সতর্ক পাহারায় থাকার কথা জানিয়েছে।

প্রথম দিনে প্রাণ ঝরল তিনজনের

ঢাকায় বিবাদমান দলগুলেরা মধ্যে অপ্রীতিকর কিছু না ঘটলেও কিশোরগঞ্জের কুলিয়ারচর, নারায়ণগঞ্জের আড়াইহাজার, বগুড়া, সিলেট ও মানিকগঞ্জে সংঘাতে হতাহত হয়েছেন অনেকেই।

Image

বিএনপি ও জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের প্রথম দিন মঙ্গলবার প্রথমবারের মতো ঢাকার রাস্তায় নামে বিজিবির বিশেষ টিম ‘র‍্যাট'। ছবি: তাওহীদুজ্জামান তপু

অবরোধের পিকেটিংকালে কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে দুইজন নিহত হয়, যাদের নিজেদের কর্মী দাবি করেছে দলটি। এতে আহত হয়েছেন পুলিশসহ অর্ধশতাধিক ব্যক্তি।

নিহতরা হলেন- উপজেলার ছয়সূতি ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি রিফাত উল্লাহ (২০) এবং একই ইউনিয়নের কৃষক দলের সভাপতি বিল্লাল হোসেন (৩০)।

মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ছয়সূতি বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষ হয়।

কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নুরুল মিল্লাত বলেন, “অবরোধের সমর্থনে বিএনপির শান্তিপূর্ণ মিছিলে পুলিশ নির্বিচারে গুলি ছুড়লে রিফাত ও বিল্লাল নামে আমাদের দুইজন নেতা মারা যান।”

কুলিয়ারচর থানার ওসি মো. গোলাম মোস্তফা বলছেন, “বিল্লাল হোসেন গুলিতে না অন্য কোনো কারণে মারা গেছেন সেটা নিশ্চিত হওয়া যায়নি।

“মিছিলকারী বিএনপির কর্মীরাই প্রথমে লাঠিসোটা নিয়ে পুলিশের ওপর হামলা চালান। আত্মরক্ষার জন্য পুলিশ পাশের একটি বাড়িতে অবস্থান নেয়। সেখানে গিয়েও বিএনপির কর্মীরা হামলা করেন। তখন উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে এবং পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুড়তে বাধ্য হয়।”

পুরনো খবর:

নাটক সাজিয়ে, ভিডিও বানিয়ে লাভ হবে না: রিজভী
কিশোরগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপির ২ জন নিহত
নেতাকর্মী নিহত: বুধবার সিলেট বিভাগ ও কিশোরগঞ্জে হরতালের ডাক

সিলেটে যুবদল নেতার মৃত্যু

এদিন অবরোধ কর্মসূচির মধ্যে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জিলু আহমদ দিলু (৪০) নিহত হন।

পুলিশের দাবি, অবরোধ চলাকালে পুলিশের ধাওয়া খেয়ে মোটরসাইকেলে পালানোর সময় গাছের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়ে দিলুর মৃত্যু হয়েছে। অপরদিকে বিএনপি নেতাদের অভিযোগ, তাকে গাড়ি দিয়ে ধাক্কা মেরে আহত করা হয়েছে এবং পরে নির্যাতনে তার মৃত্যু হয়েছে।

Image

বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধের প্রথম দিন মঙ্গলবার সকালে ঢাকার উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় সড়কে আগুন জ্বালালে তা নেভানোর চেষ্টা করে পুলিশ।

সংঘর্ষ, যানবাহনে আগুন

অবরোধের প্রথম দিন ঢাকার বাসে আগুন দেওয়ার পাশাপাশি সিলেটের দক্ষিণ সুরমায় বাসে ভাঙচুর করে অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়।

এদিন সকালে নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কে বিএনপি ও পুলিশের সংঘর্ষে তিন পুলিশ সদস্য গুরুতর আহত হন। সংঘর্ষ ছড়িয়ে পড়লে মহাসড়কের অনেকটা জায়গা রণক্ষেত্রে পরিণত হয়। বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল।

বগুড়ায় সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-বগুড়া মহাসড়কের বেতগাড়ী বাইপাস ও মাটিডালী বাইপাস এলাকায় কয়েকটি বাস ভাঙচুর করা হয়। জেলার শাহজাহানপুরে সকালে পিকেটার ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষও হয়েছে।

মানিকগঞ্জে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে বিএনপি নেতাকর্মীদের। পুলিশের গুলিতে আহত হয়েছেন অন্তত ১০ জন। আটক করা হয়েছে পাঁচ নেতাকর্মীকে।

Image

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কে বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে।

কুমিল্লায় অবরোধের সমর্থনে মিছিল বের হলে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

এদিকে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের কাছে বিকাল সাড়ে ৩টার দিকে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পুলিশ বলছে, যাত্রীবেশী দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে। এ ঘটনায় হতাহতের কোন ঘট্না ঘটেনি।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টায় সাতটি জায়গায় আগুন দেওয়া হয়েছে। এতে তিনটি বাস, একটি কভার্ড ভ্যান, একটি পিকআপ, দুইটি বাণিজ্যিক পণ্যের শোরুম ও একটি পুলিশ বক্স পুড়ে যায়।

যাত্রী কম ট্রেন-লঞ্চে, বন্ধ দূরপাল্লার বাস

অবরোধের প্রথম দিন ঢাকা থেকে ট্রেনগুলো নিয়মিত সময়সূচি মেনে ছেড়ে গেলেও সেগুলোতে যাত্রী ছিল অনেক কম। অন্য দিনের তুলনায় স্টেশনের ভেতরে ও বাইরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ট্রেনগুলোর চালক (লোকো মাস্টার) ও সহকারী চালকদের হেলমেট পড়ে ট্রেন চালাতে দেখা গেছে।

Image

যাত্রীদের আনাগোনা কম, তাই হাঁকডাক করতে হচ্ছিল লঞ্চকর্মীদের। অবরোধের প্রথমদিন মঙ্গলবার ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা গেছে এমন চিত্র।

ঢাকা (কমলাপুর) স্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার দুপুরে জানান, “ট্রেন চলাচল স্বাভাবিক। ট্রেনগুলো যথাসময়ে আসছে, ছেড়ে যাচ্ছে। আজ সারাদিনে ৫৩টি ট্রেন আসা-যাওয়া করবে। আমার জানা মতে, এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তাছাড়া ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে আমরা সবরকম নিরাপত্তা নিয়েছি।”

ট্রেনের যাত্রী মিশকাত হাসান বলেন, “আমার বাসা ধানমণ্ডি, সিলেট যাব। টাইমের অনেক আগেই আমি স্টেশনে চলে আসছি, কারণ আমি ভাবছিলাম- রাস্তায় যদি কোনো ঝামেলায় পড়ি।

“কিন্তু তেমন কিছু হয় নাই। মানুষজনের উপস্থিতি স্বাভাবিক, ছুটির দিনের বিকালের মতো। তবে বাস কম রাস্তায়।”

যাত্রী না থাকার কারণে অর্ধেকে নেমেছে লঞ্চ চলাচলের সংখ্যা। এ কারণে সূচি অনুযায়ী সব লঞ্চ ছাড়েনি। বিআইডব্লিটিএ এর পরিবহন পরিদর্শক এবিএস মাহমুদ জানান, সোমবার সদরঘাট থেকে ছেড়ে যায় ৫১টি লঞ্চ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত তা ছিল ১৭টি।

নগরে বাস কম, দূরপাল্লার বাস বন্ধ

রাজধানীর গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকায় দূর পাল্লার বাস ছেড়ে যাওয়ার কোনো তাড়া ছিল না দিনভর। বাস কাউন্টারগুলো খুললেও সেখানকার কর্মীরা বলছেন, যাত্রী না থাকায় তারা বাস ছাড়তে পারছেন না।

মহাখালী থেকে ময়মনসিংহ মুখী হাতেগোনা কয়েকটি বাস ছেড়ে গেছে বলে টার্মিনালের সঙ্গে যুক্ত ব্যক্তিরা জানিয়েছেন।

Image

বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধের প্রথম দিন ঢাকার কাকলী এলাকায় সড়কে ব্যক্তিগত গাড়ির চলাচল স্বাভাবিক থাকলেও গণপরিবহন ছিল বেশ কম। ছবি: মাহমুদ জামান অভি

যানজটবিহীন রাস্তায় নগর পরিবহনের বাসগুলো স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত ট্রিপ দিয়েছে। যাত্রীও ভালো পেয়েছে তারা। সকাল বেলা গাড়ির সংখ্যা কম থাকলেও দুপুরের পর থেকে বাড়তে শুরু করে।

অনেকটাই ফাঁকা রাস্তায় রিকশা, সিএনজি অটোরিকশা ও ভাড়ার মোটরসাইকেল চলতে দেখা গেছে।

ফেইসবুকে খোঁজ-খবর

সামাজিক যোগাযোগের এ মাধ্যমের জনপ্রিয় পাবলিক গ্রুপগুলোতে পোস্ট করে অনেকেই রাস্তার খবর নিয়েছেন। স্কুল-কলেজগুলোতে অনলাইনে ক্লাস হচ্ছে কি না তাও জানতে চেয়েছেন অনেকে।

আবার যখন মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ, ভাঙচুর হয়েছে তখনও নেটিজেনরা গ্রুপে পোস্ট দিয়ে অন্যদের সতর্ক করেছেন। ঢাকার প্রেস ক্লাবের সামনে যখন বাস আগুনে জ্বলছিল তখনও বিভিন্ন গ্রুপে পোস্ট দিয়ে ওই রাস্তা ‘এভয়েড’ করার পরামর্শ দেন তারা।

দূরপাল্লার যাত্রা সংক্রান্ত তথ্যও বিভিন্ন গ্রুপে জানতে চাইছিলেন অনেকে। ডেসপারেডলি সিকিং ঢাকা গ্রুপে একজন জানতে চেয়েছেন, রাতে চট্টগ্রাম বা কক্সবাজারমুখী বাসগুলো ছাড়বে কি না। তার মা খুব অসুস্থ। নেটিজেনরা মন্তব্যের ঘরে জানাচ্ছেন, বাস কাউন্টারে কল দিয়ে বাস ছাড়ার কোনো আশ্বাস পাননি তারা।

ট্রাফিক এলার্ট গ্রুপে পোস্ট দিয়ে উত্তরা যাওয়ার রাস্তার খবর জানতে চেয়েছেন অনেকেই। তুরাগ বা রাইদা পরিবহনের বাস চলছে কি না জিজ্ঞাসা অনেকের। জবাবে অনেকে লিখেছেন, বাস চলছে তবে খুব কম।

এভাবেই নানান রুটে চলাচলের বিষয়ে অন্যদের থেকে ধারণা পাওয়ার চেষ্টা দেখা গেছে দিনভর। যানজটবিহীন সড়কে দ্রুত গন্তব্যে পৌঁছেও উচ্ছ্বাস জানিয়েছেন অনেকে।