০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ছাত্র আন্দোলনে গুলির অভিযোগে পাঁচ ওয়ার্ড আ. লীগ নেত্রী গ্রেপ্তার

ছাত্র আন্দোলনের সময় চোখে গুলিবিদ্ধ হয়ে আহত এক ব্যক্তির ভাইয়ের দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2024, 08:56 PM

Updated : 26 Aug 2026, 11:01 AM

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও গুলির অভিযোগে দায়ের করা একটি মামলায় মহিলা আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের পাঁচ নেত্রীকে গ্রেপ্তার করেছে পল্লবী থানার পুলিশ। 

শুক্রবার ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাননো হয়, ছাত্র আন্দোলনের সময় চোখে গুলিবিদ্ধ হয়ে আহত এক ব্যক্তির ভাইয়ের দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- পল্লবী থানার ৬ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ নেত্রী বাবলী বেগম (৪৩), ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন যুথি (৩৮), ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিতা আক্তার (৪০), সহ-সভাপতি নাজমা আক্তার সাথী (৩০) এবং সহ-সাংগঠনিক সম্পাদক খাদিজা বেগম (৩৪)। 

সিসি ক্যামেরার ভিডিও বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানাচ্ছে পুলিশ।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গত ৪ আগস্ট বিকেলে মিরপুর-১০ নম্বরে ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনের সময় আহত হওয়া মো. আবিদের ভাই জিন্নাত সাঈদী মামলাটি করেন। 

মামলার অভিযোগ, ওইদিন আন্দোলনে দেশীয় অস্ত্র, পিস্তলসহ অন্যান্য আগ্নেয়াস্ত্র দিয়ে আক্রমণ করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় আবিদের ডান চোখে গুলি লেগে গুরুতর আহত হয়। পরে তাকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।