২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনাবাহিনীর গাড়ি পোড়ানো ও ঝটিকা মিছিল: আওয়ামী লীগের ৫ জন গ্রেপ্তার

তাদের মধ্যে দুইজন ঢাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নিয়েছেন বলে পুলিশের ভাষ্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2025, 08:13 PM

Updated : 26 Aug 2026, 12:35 PM

গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি পোড়ানো মামলার আসামিসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

তাদের মধ্যে দুইজন ঢাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নিয়েছেন বলে শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেছে ঢাকা মহানগর পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- গোপালগঞ্জের শুকতাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও শুকতাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং জেলা পরিষদের সাবেক সদস্য মো. আবেদ আলী শেখ (৫২), রমনা ও হাতিরঝিল থানা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী মমতাজ পারভিন শিমু (৪২), ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক সভাপতি এবং মহানগর উত্তর যুবলীগ কর্মী মোহাম্মদ জাকির হোসেন সাগর (৪৩), মিরপুর থানা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম আর বাদল (৫০), উত্তরা থানা আওয়ামী লীগের সক্রিয় কর্মী মনিরুল ইসলাম (৩৮)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ধানমন্ডি এলাকা থেকে আবেদ আলী শেখকে এবং বাংলামোটর থেকে মমতাজ পারভিন শিমুকে গ্রেপ্তার করে করা হয়। এর মধ্যে আবেদ আলী শেখ গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ী পোড়ানো মামলার এজাহারভুক্ত আসামি।

এছাড়া বনানী এলাকা থেকে মোহাম্মদ জাকির হোসেন সাগরকে গ্রেপ্তার করে ডিবির সাইবার বিভাগের একটি টিম। ২০১৫ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনার মামলার এজাহারনামীয় আসামি সাগর সম্প্রতি গুলশান এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশ নিয়েছিলেন।

মিরপুর এলাকায় আরেক অভিযানে এম আর বাদলকে ও মনিরুল ইসলামকে গ্রেপ্তারের তথ্য দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, “মনিরুল গত ১৮ এপ্রিল উত্তরা বিমানবন্দর এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণ করেছিলেন।”

ছাত্রজনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীদের অধিকাংশই গত অগাস্টের পর থেকে রয়েছেন আত্মগোপনে। ফলে নিয়মিত রাজনৈতিক কর্মসূচিতেও তারা নেই।

তবে সম্প্রতি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ কর্মীদের ঝটিকা মিছিলের খবর আসে। এর জেরে দেশজুড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের তথ্য দিচ্ছে পুলিশ।

পুলিশের ভাষ্য, তারা আইনশৃঙ্খলা ‘পরিস্থিতি নষ্ট করে’ দেশকে ‘অস্থিতিশীল করার’ চেষ্টায় জড়িত।