Published : 16 Jul 2026, 09:52 PM
জুলাই বিপ্লবের ‘সুবিধাভোগী’ বিএনপি গাদ্দারি করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেছেন, ‘জুলাই বিপ্লবের সুবিধাভোগী হচ্ছে বিএনপি। সেই বিএনপির মন্ত্রী-এমপিরা জুলাইকে ‘অপ্রয়োজনীয়’ বলে জুলাই বিপ্লবকে অস্বীকার করছেন এবং বিপ্লবীদের সঙ্গে গাদ্দারি করছেন। বিএনপির কাছে জুলাই অপ্রয়োজনীয় হলেও জনগণের কাছে জুলাই ‘প্রয়োজনীয়’।”
বৃহস্পতিবার শাহবাগে ১১দলীয় ঐক্যের সমাবেশে এসব কথা বলেন পরওয়ার। সমাবেশের পরে জুলাই গণহত্যার বিচারের দাবিতে মিছিল হয়।
সমাবেশ গোলাম পরওয়ার বলেন, “১৭ অক্টোবর জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করার পর থেকে ১২ ফেব্রুয়ারি নির্বাচনের আগ পর্যন্ত বিএনপি কোনোদিন বলেনি গণভোট সংবিধানে নেই, গণভোটের অধ্যাদেশ রাষ্ট্রপতি জারি করতে পারে না।
“কিন্তু নির্বাচনের পর ক্ষমতায় বসে বিএনপি দাবি করছে, গণভোট সংবিধানে নেই, রাষ্ট্রপতি গণভোটের অধ্যাদেশ জারি করতে পারেন না। অথচ রাষ্ট্রপতির জারি করা একই অধ্যাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হয়েছে।”
তিনি বলেন, “বিএনপি রাষ্ট্রপতির সেই অধ্যাদেশে সংসদ নির্বাচন বৈধ দাবি করে গণভোটকে অবৈধ দাবি করছে। এটি সরাসরি জাতির সঙ্গে প্রতারণা।”
এই প্রতারণা উপযুক্ত জবাব জাতি যথাসময়ে দেবে বলে মন্তব্য করেন গোলাম পরওয়ার।
এমপি-মন্ত্রীদের বেতন বন্ধ না থাকলেও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের বেতন কেন বন্ধ, সেই প্রশ্নও তোলেন গোলাম পরওয়ার।
সমাবেশে অন্যদের মধ্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন ও আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বক্তব্য রাখেন।