বিদেশিদের মদদে কর্মসূচি দিচ্ছে বিএনপি: কাদের
ওবায়দুল কাদের বলেন, “গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের মেয়াদ বা সময়সীমা নির্ধারণের এখতিয়ার মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা বিএনপির নেই। সরকারের সময় নির্ধারণ করে দেওয়ার তিনি কে?”
বিএনপি বিদেশিদের মদদপুষ্ট হয়ে রাজনৈতিক কর্মসূচি নির্ধারণ করছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তাদের বিদেশি প্রভুরা নির্বাচন নিয়ে কী বলবে, তারা সেদিকে মুখিয়ে থাকে।
মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, “ক্ষমতা দখলে বেপরোয়া বিএনপি বিদেশি প্রভুদের করুণা লাভের আশায় মিলিয়ন ডলার খরচ করে লবিস্ট ফার্ম নিয়োগ করেছে।
“ক্রমাগতভাবে জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়ে দেশের জনগণের উপর বিএনপি বিশ্বাস হারিয়েছে। ফলে বিএনপি কখনই জনকল্যাণের নীতি গ্রহণ করতে পারেনি এবং জনগণও তাদের আহ্বানে সাড়া দেয়নি।”
বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অসাংবিধানিক ও উস্কানিমূলক বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান ওবায়দুল কাদের।
তিনি বলেন, “সময় আর নেই, সরকারের সময় শেষ’ এই শিরোনামে দেওয়া মির্জা ফখরুলের বক্তব্য শুধু অসাংবিধানিকই নয়, রাষ্ট্রদ্রোহিতামূলকও বটে। বিএনপি ঐতিহ্যগতভাবে গণতন্ত্রবিরোধী ও ষড়যন্ত্রনির্ভর রাজনৈতিক দল। তারা অসাংবিধানিক পন্থায় ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখলের পাঁয়তারা চালায়।
“গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের মেয়াদ বা সময়সীমা নির্ধারণের এখতিয়ার মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা বিএনপির নেই। সরকারের সময় নির্ধারণ করে দেওয়ার তিনি কে?”
বিএনপি নেতাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, “বিএনপি ক্ষমতায় এসে এদেশের গণতন্ত্রকে নস্যাৎ করেছিল, ভোট চুরির নিকৃষ্টতম উদাহরণ সৃষ্টি করেছিল। বিএনপি আমলে পরিচালিত অপশাসন ও দুর্নীতির কথা দেশবাসী ভুলে যায়নি।
“২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে সংখ্যালঘুদের উপর নারকীয় কায়দায় নির্যাতন চালিয়েছিল, ভিন্নমত দমনে ইতিহাসের জঘন্য নজির স্থাপন করেছিল। সারা দেশে আওয়ামী লীগের ২৪ হাজার নেতাকর্মীকে হত্যা করেছিল।
বাংলাদেশের জনগণ সেই অন্ধকারময় সময়ে ফিরে যেতে চায় না বলেও মন্তব্য করেন তিনি।
