২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশরাফকে দপ্তর দিয়ে প্রধানমন্ত্রী প্রশংসিত: সুরঞ্জিত

সৈয়দ আশরাফুল ইসলামকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘আবারও প্রজ্ঞার’ পরিচয় দিয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2015, 05:27 PM

Updated : 22 Aug 2022, 12:48 PM

শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় তিনি বলেন, “আশরাফকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী বানানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশের মানুষ প্রশংসার চোখে দেখছেন। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতিতে আরেকবার প্রজ্ঞার পরিচয় দিলেন।”

দলীয় সভানেত্রী শেখ হাসিনার প্রশংসা করে তিনি বলেন, “আমার রাজনীতির জীবনে সর্বোচ্চ নির্বাহী ক্ষমতায় যারা ছিলেন তাদের মধ্যে শেখ হাসিনার মতো শক্তিশালী ও প্রজ্ঞাবান দেখিনি।”

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে বাদ দিয়ে দপ্তরবিহীন করার সাত দিনের মধ্যে গত বৃহস্পতিবার সৈয়দ আশরাফকে জনপ্রশাসন মন্ত্রী করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত ৯ জুলাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর সৈয়দ নজরুল ইসলামের ছেলে সৈয়দ আশরাফকে দপ্তরবিহীন মন্ত্রী করার পর থেকে রাজনৈতিক অঙ্গনে তা নিয়ে ব্যাপক আলোচনা চলছিল।

এরপর নানা গুঞ্জনের মধ্যে গত ১৩ জুলাই শেখ হাসিনার সঙ্গে একান্তে কথা বলার পর লন্ডন যাত্রা বাতিল করে দেশেই থেকে যান আশরাফ। তার দুদিনের মধ্যে নতুন দপ্তর পান তিনি।