ঈদ করতে হাসপাতাল ছেড়ে বাসায় তরিকুল
স্বজনদের সঙ্গে ঈদ করতে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল থেকে শান্তিনগরে নিজের বাসায় গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম।
তরিকুল ইসলাম
গত ১১ জুলাই গুরুতর অসুস্থ হয়ে পড়লে তরিকুলকে শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। অধ্যাপক আবদুর রশীদের তত্ত্বাবধায়নে চিকিৎসা নেন তিনি।
দীর্ঘদিন ধরে কিডনি জটিলতার পাশাপাশি হৃদরোগ, ডায়াবেটিস ও অ্যাজমায় ভুগছেন তরিকুল ইসলাম। তার ধমনীতে নতুন করে কয়েকটি ব্লক ধরা পড়েছে।
চিকিৎসকরা ইতোমধ্যে একটি মেডিকেল বোর্ড গঠন করে তাকে চিকিৎসা দিচ্ছেন বলে তরিকুল ইসলামের ছেলে জানান।
গত ৮ জুলাই জামিনে মুক্তির পর যশোর থেকে ঢাকা আসার পর অসুস্থ হয়ে পড়লে তরিকুলকে হাসপাতালে ভর্তি করা হয়।
এই বিএনপি নেতার বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে অনেকগুলো মামলা রয়েছে।
চারদলীয় জোট সরকারের আমলে তরিকুল ইসলাম প্রথমে তথ্যমন্ত্রী এবং পরবর্তীতে পরিবেশ ও বনমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
