২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাছিরের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার রায় ২২ জুলাই

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিনের বিরুদ্ধে দুই দশকেরও আগের একটি হত্যাচেষ্টা মামলায় ২২ জুলাই রায় দেওয়া হবে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2015, 11:25 PM

Updated : 22 Aug 2022, 12:47 PM

মঙ্গলবার চট্টগ্রামের জেলা ও দায়রা জজ নুরুল হুদা আসামি ও রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার দিন ঠিক করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও চট্টগ্রামের জেলা পিপি আবুল হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উভয় পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। আদালত ২২ জুলাই মামলার রায় ঘোষণার দিন ধার্য করেছেন।

“আদালতে বলেছি- মামলার ১৫ জন সাক্ষীর মধ্যে প্রথম আট জনের সাক্ষ্য মামলা প্রমাণে সার্থক হয়েছে। পরবর্তী সাতজন সাক্ষী বিপরীত সাক্ষ্য দিয়েছেন।”

পিপি আবুল হাশেম বলেন, আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রীর রাজনৈতিক জনসভার ঘটনা নিয়ে এ মামলা হয়। তখন জোট সরকার ক্ষমতায় ছিল। সে সময়ের সরকার কিছুটা রাজনৈতিক প্রভাব বিস্তার করেছিল বলেও মনে হয়।

“সব দিক বিবেচনায় আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আদালতের কাছে আবেদন করেছি।”

আসামিপক্ষের অন্যতম আইনজীবী মন্‌জুরুল আজম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৫ জন সাক্ষীর কেউই মামলায় উল্লেখিত ঘটনার বিষয়ে কিছু বলতে পারেননি।

“মামলা প্রমাণে রাষ্ট্রপক্ষ ব্যর্থ হয়েছেন। আসামিরা নির্দোষ। আদালতে তাই আসামিদের নিঃশর্ত খালাস দাবি করেছি।”

মঙ্গলবার আদালতে যুক্তিতর্ক উপস্থাপনের সময় হাজির ছিলেন না নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র আ জ ম নাছির উদ্দিন এবং ফেনী সদরের সাংসদ আওয়ামী লীগ নেতা নিজাম হাজারী। তবে অন্য ১৩ আসামি আদালতে হাজির ছিলেন।

এর আগে ১ এপ্রিল আদালতে হাজির হয়ে এ মামলায় জামিন নেন আ জ ম নাছির উদ্দিন।

আদালত সূত্র জানায়, ১৯৯৩ সালের ২৪ জানুয়ারি নগরীর লালদীঘির মাঠে দলীয় সভানেত্রী শেখ ‍হাসিনার জনসভায় সেসময়ের নগর ছাত্রলীগ নেতা সুফিয়ান সিদ্দিকীর ওপর অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা করা হয়।

এ ঘটনায় সুফিয়ান সিদ্দিকী বাদি হয়ে নাছিরসহ ১৮ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করেন।

পুরনো খবর:

নিজেদের নির্দোষ দাবি করলেন নাছির-নিজাম