ট্রাইব্যুনাল গঠনের হুমকিতে ‘দমবে না’ বিএনপি
খালেদা জিয়ার বিচারে সন্ত্রাস দমন ট্রাইব্যুনাল গঠনের ‘হুঙ্কারে’ দিয়ে বিএনপিকে দমানো যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির মুখপাত্র আসাদুজ্জামান রিপন।
সোমবার দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সরকারকে বলতে চাই, হুঙ্কার দিয়ে লাভ নেই। বিএনপি হুঙ্কারে হুঙ্কারে ভীত-সন্তস্ত্র নয়।
“বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হবে, বিচার বিশেষ ট্রা্ইব্যুনালে বিচার করা হবে- এ সমস্ত কথা বলে বিরোধী দলের মনোবল ভাঙা যাবে না, দমানো যাবে না।”
বিএনপি-জোটের অবরোধ-হরতালে নাশকতার বিচার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে করার পরিকল্পনা সম্প্রতি সংসদে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ঈদের পরই ওই ট্রাইব্যুনাল গঠন করা হবে।
রিপন বলেন, “আমরা স্পষ্টভাষায় বলতে চাই, সরকার যে অভিযোগের কথা বলে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের কথা বলছেন, তা একেবারের মিথ্যা, অসত্য। এটার কোনো ভিত্তি নেই।”
নাশকতায় বিএনপির জড়িত থাকার অভিযোগ নাকচ করে জাতিসংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিক তদন্তের দাবি আবারও জানান তিনি।
রিপন বলেন, “আন্তর্জাতিক নিরপেক্ষ তদন্ত না করে যদি মিথ্যা অভিযোগে বেগম খালেদা জিয়াকে হয়রানি করা হয়, তা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না।”
তথ্যমন্ত্রীর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, “এমন কিছু দল যাদের অন্য দলের মার্কা নিয়ে নির্বাচন করতে হয়, তারা মন্ত্রিত্ব পাওয়ার পরে বড় বড় কথা বলেন, বাগাড়ম্বর করেন।
“তাদেরকেমনে করিয়ে দিতে চাই, নিজের বিচারের জন্য প্রস্তুত থাকুন। হুঙ্কার দিয়ে কোনো লাভ নেই।”
