আশরাফের হারানোর কিছু নেই: সুরঞ্জিত
মন্ত্রিত্বের দপ্তর হারালেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের কাছে তা কোনো বড় বিষয় নয় বলে মনে করেন সুরঞ্জিত সেনগুপ্ত, যিনি শেখ হাসিনার গত সরকারে দপ্তর হারিয়েছিলেন।
শুক্রবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারর্স ইনস্টিটিউট মিলনায়তনে চলমান রাজনীতি বিষয়ে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, “মন্ত্রী সভার কে কোনো পোর্টফোলিও পাবে এটা একেবারেই প্রধানমন্ত্রীর এখতিয়ার। এই বিষয়ে এটি সাংবিধানিক দায়িত্ব তার। এগুলো অব্যাহত প্রক্রিয়া, চলতেই থাকে। এটা নিয়ে সরকার গেল গেল চিৎকার করার কিছু নেই।”
একদিন আগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দপ্তর হারানো মন্ত্রী সৈয়দ আশরাফ প্রসঙ্গে তিনি বলেন, “সৈয়দ আশরাফ একজন আপাদমস্তক রাজনীতিবিদ। ছাত্রজীবন থেকেই রাজনীতি করেছে, পরীক্ষিত সৈনিক, শহীদ পরিবারের সন্তান। তার কাছে এই পোর্টফোলিও আছে কি নাই, মন্ত্রী থাকলো কি থাকলো না- এটা খুব বড় বিষয় বলে মনে করি না।”
বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে সৈয়দ আশরাফুল ইসলামকে দপ্তরবিহীন মন্ত্রী করা হয়।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সৈয়দ আশরাফ যেখানেই থাকুক, “যেভাবেই থাকুক, তার অতীতের নীতি, নেতার প্রতি যে অটুট বিশ্বাস এবং তাদের পরিবার রাজনৈতিক পরিবার, তার নেতার মননশীলতা আছে একজন রাজনীতিবিদ হিসেবেও নিছক জাতীয় রাজনীতিতে অবদান রাখতে হবে।
“সুতরাং আমাদের অবিসংবাদিত নেত্রী প্রধানমন্ত্রীর ওপর বিশ্বাস রাখতে হবে, যেটুকু হয়েছে দেশ, জাতি, দল এবং গণতন্ত্রের জন্যই। আর তো কথা নাই। কারণ তার (সৈয়দ আশরাফ) সততা, তার নিষ্ঠা ও দেশপ্রেম এগুলো প্রশ্নাতীত, উনি সৎ এবং বিনয়ী রাজনীতিবিদ।”
“আমরা তাকে এখনও বলছি আপনি গণতান্ত্রিক ধারায় ফিরে আসুন, গণতান্ত্রিক রাজনীতি করুন।”
সাংবিধানিক রাজনীতি থেকে আওয়ামী লীগ কোনদিন সরে আসবে না বলেও জানান আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত।
নৌকা সমর্থক গোষ্ঠী নামে একটি সংগঠন এই আলোচনা সভার আয়োজন করে।
বক্তব্যের শুরুতেই সুরঞ্জিত সেনগুপ্ত অপমানিত হয়ে এক মুক্তিযোদ্ধার আত্মহত্যার প্রসঙ্গ টেনে বলেন, “অপমান করার পর একজন মুক্তিযোদ্ধা আত্মহত্যা করেছে, এটি হৃদয়বিদারক। এই বিষয়ে সরকারকে অনুরোধ করব স্পর্শকাতর এই বিষয়টি আরেকটু ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিয়ে একটি কমিটি করে গুরুত্ব দিয়ে অনুসন্ধান করে তা জনগণকে প্রকাশ করুন।”
সংগঠনের সভাপতি এমদাদুল হক সেলিমের সভাপতিত্বে অন্যদের মধ্যে আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক নারায়ণ দেবনাথ ও শেখ ইকবাল খোকন, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, নৌকা সমর্থক গোষ্ঠীর মহাসচিব হুমায়ূন কবির মিজি বক্তব্য দেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বঙ্গবন্ধু একাডেমির সহ-সভাপতি মোহাম্মদ ওয়াদুদ মিয়া।
