২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ মামলায় রিজভীর, ৬টিতে পাপিয়ার জামিন বহাল

নাশকতার পাঁচ মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর এবং ছয় মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফি পাপিয়ার অন্তর্বর্তীকালীন জামিন বহাল রেখেছে আপিল বিভাগ।    

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2015, 10:53 PM

Updated : 22 Aug 2022, 12:45 PM

রিজভীকে হাই কোর্টের দেওয়া জামিন স্থগিতের জন্য রাষ্ট্রপক্ষ যে আবেদন করেছিল, তা শুনে বৃহস্পতিবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ চারটিতে ‘নো অর্ডার’ এবং একটিতে আবেদন খারিজ করে দেয়। পাপিয়ার ক্ষেত্রে রাষ্ট্রপক্ষের আবেদনগুলোর সব কটি খারিজ হয়েছে।  

Image
রুহুল কবীর রিজভী (ফাইল ছবি)

রুহুল কবীর রিজভী (ফাইল ছবি)

আদালতে রিজভীর পক্ষে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন ও সগীর হোসেন লিওন। পাপিয়ার পক্ষে ছিলেন মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যার্টনি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির।

এখন রিজভীর মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন তার আইনজীবী সগীর হোসেন লিওন।  

বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাই কোর্ট বেঞ্চ গত ২ জুলাই চার মামলায় রিজভীকে অন্তর্বর্তীকালীন জামিন দেয়।

ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ গত সোমবার চেম্বার আদালতে আবেদন করলে চেম্বার বিচারপতি বিষয়টি শোনার জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।

এই চার মামলার মধ্যে তিনটি মিরপুর থানার, অন্যটি পল্লবীর। বিশেষ ক্ষমতা এবং বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে এসব মামলা করা হয়েছে। এর মধ্যে পল্লবী থানার মামলায় রিজভীর বিরুদ্ধে অভিযোগপত্রও হয়েছে।

বিএনপির লাগাতার অবরোধের মধ্যে গত ৩১ জানুয়ারি ভোররাতে রিজভীকে গ্রেপ্তার করে পুলিশ। তার আগে তিনি অজ্ঞাত স্থান থেকে বিবৃতি পাঠিয়ে হরতাল-অবরোধের বার্তা দিয়ে আসছিলেন।

আইনজীবী সগীর হোসেন লিওন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রুহুল কবীর রিজভীকে ১৭টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল। এর মধ্যে প্রথমে পাঁচটিতে জামিন পান তিনি, পরে চারটি ও সর্বশেষ আটটিতে তিনি হাই কোর্ট থেকে জামিন পেয়েছেন। 

Image
সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, ফাইল ছবি

সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, ফাইল ছবি

“এর মধ্যে চার মামলায় জামিন স্থগিত চেয়েছিল রাষ্ট্রপক্ষ। তবে আপিল বিভাগ ‘নো অর্ডার’ দেওয়ায় হাই কোর্টের জামিন বহাল থাকল। প্রথমে জামিন পাওয়া পাঁচটির মধ্যে পল্টন থানার একটি মামলায় রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দিয়েছে।”

এ দিকে নিম্ন আদালতে জামিন আবেদন খারিজ হওয়ার পর নাশকতার নয় মামলায় হাই কোর্টে জামিনের আবেদন জানান পাপিয়া। তার জামিন আবেদনের শুনানি নিয়ে ৫ জুলাই হাই কোর্ট তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে।

এই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে। বৃহস্পতিবার আবেদনের ওপর শুনানি হয়।

পাপিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছয় মামলায় আপিল বিভাগ জামিন বহাল রেখেছেন। রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দিয়েছে। অন্য তিন মামলার ক্ষেত্রে আবেদন স্ট্যান্ডওভার (মুলতবি) রাখা হয়েছে।

এই বিএনপি নেত্রীর বিরুদ্ধে পল্টন থানায় পাঁচটি, মিরপুরে তিনটি ও লালবাগে একটি নাশকতার মামলা রয়েছে।

চলতি বছরের প্রথম তিন মাসে বিএনপি নেতৃত্বাধীন জোটের আন্দোলনের মধ্যে নাশকতা ও সহিংসতার ঘটনায় এসব মামলা দায়ের করা হয়। সবগুলো মামলাতেই হাই কোর্টের জামিনে ছিলেন পাপিয়া।

সেই জামিনের মেয়াদ শেষে ১৬ জুন তিনি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে নতুন করে জামিন চাইলে বিচারক তা নাকচ করে তাকে কারাগারে পাঠান।