নির্বাচনে না গেলে বিএনপির অস্তিত্ব থাকবে না: সৈয়দ আশরাফ
পরবর্তী সংসদ নির্বাচনও বর্তমান সংবিধানের অধীনে হবে জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, আবারও নির্বাচন বর্জন করলে বিএনপির অস্তিত্ব থাকবে না।
বুধবার কিশোরগঞ্জে আওয়ামী লীগের কর্মী সভায় দলের সাধারণ সম্পাদক একথা বলেন।
সংবিধানের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই জানিয়ে তিনি আগামী নির্বাচনে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে বলে আশা প্রকাশ করেন।
আওয়ামী লীগ কখনও নির্বাচন বর্জন করেনি। শুধু ৭১ সালে বিরুপ পরিস্থিতিতে নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেয়নি বলে জানান তিনি।
বিকালে কিশোরগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মীসভায় তিনি প্রধান অতিথি ছিলেন।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে কর্মীসভায় জেলা পরিষদের প্রশাসক জিল্লুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
