নাশকতার চার মামলায় রিজভীর জামিন
নাশকতার চারটি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে হাই কোর্ট।
রিজভীর আবেদন শুনে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের বেঞ্চ বুধবার এ আদেশ দেয়।
চারটি মামলার মধ্যে তিনটি মিরপুর থানার, অন্যটি পল্লবীর। বিশেষ ক্ষমতা এবং বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে এসব মামলা করা হয়েছিল।
এর মধ্যে পল্লবী থানার মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্রও হয়েছে।
বিচারিক আদালতে জামিন না পেয়ে এসব মামলায় জামিন চাইতে হাই কোর্টে আসেন বিএনপি নেতা রিজভী।
তবে তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা থাকায় এখনই তিনি মুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন তার আইনজীবী সগীর হোসেন লিওন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, চলতি বছর রিজভীর বিরুদ্ধে দায়ের হওয়া ১৭টি মামলার মধ্যে পাঁচটিতে তিনি আগেই জামিন পেয়েছেন।
“আজ আরও চারটি মামলায় জামিন পেলেন। তার বিরুদ্ধে আরও আটটি মামলা রয়েছে।”
আদালতে রিজভীর পক্ষে জয়নুল আবেদীন ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান শুনানি করেন।
বিএনপির লাগাতার অবরোধের মধ্যে গত ৩১ জানুয়ারি ভোররাতে রিজভীকে গ্রেপ্তার করে পুলিশ। তার আগে তিনি অজ্ঞাত স্থান থেকে বিবৃতি পাঠিয়ে হরতাল-অবরোধের বার্তা দিয়ে আসছিলেন।
