চট্টগ্রামে নেতাকর্মীদের সতর্ক করলেন খালেদার উপদেষ্টা নাছির
সরকারবিরোধী আন্দোলনের সময় মাঠে না থেকে অনেকে উল্টো সরকারের পক্ষে কাজ করেন বলে মন্তব্য করে এ বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন চৌধুরী।
শুক্রবার বিকালে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে একটি কনভেনশন সেন্টারে নগর বিএনপি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে নাছির বলেন, “আন্দোলনের সময় কেউ কেউ সরকারি দলের নেতা হয়ে যান। এদের চিহ্নিত করে বিএনপি থেকে বের করে দেওয়া হবে।”
আন্দোলনের জন্য নেতাকর্মীদের প্রতি যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমাদের দুঃসময় নয়, এখন প্রতিশোধের সময়। বিএনপি করলে ক্ষমতায় যেমন যেতে হবে তেমনি মাঠেও থাকতে হবে, আবার জেলেও যেতে হবে।”
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “সিটি নির্বাচনের পর অনেকে হতাশাগ্রস্ত হয়েছেন। আমি এক মুহূর্তের জন্যও হতাশ হইনি। কারণ বাংলাদেশের মানুষ এখন বিএনপির আরও কাছে এসেছে।
“৫ জানুয়ারির নির্বাচন এবং সিটি নির্বাচনে যারা সত্যিকারভাবে পরাজিত হয়েছেন, যারা জনগণের রায় পাননি; তারাই বরং হতাশাগ্রস্ত হয়েছেন,” বলেন এই বিএনপি নেতা।
বর্তমান সরকারকে ‘স্বৈরাচার নিপীড়ক সরকার’ আখ্যা দিয়ে আমীর খসরু বলেন, “দেশে রাজনৈতিক দুর্ভিক্ষ ও দুর্বৃত্তায়ন চলছে।”
নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার।
আলোচনা সভায় সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, সাবেক সাংসদ রোজী কবির, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, কেন্দ্রীয় শ্রমিক দল নেতা এ এম নাজিম উদ্দিন, নগর সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন ও উত্তর জেলা বিএনপি’র সহ-সভাপতি এস এম ফজলুল হক বক্তব্য রাখেন।
