২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এতিম-উলামাদের সঙ্গে খালেদার ইফতার

প্রথম রোজায় এতিম ও উলামা-মাশায়েখদের সঙ্গে ইফতার করলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2015, 08:07 PM

Updated : 12 Oct 2022, 03:52 PM

এতিম ও উলামা-মাশায়েখদের সম্মানে শুক্রবার ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে   এই ইফতার পার্টি দেন বিএনপি নেত্রী।

তেজগাঁওয়ের রহমত আলেম ইসলামী মিশন, মদিনাতুন মুসলিম ইনস্টিটিউট এবং শান্তিনগর ও ফকিরাপুল এতিম খানা ও হাফেজিয়া মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করেন তিনি।

উলামা-মাশায়েখদের মধ্যে নরসিংদীর জামেয়া কাশেমিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কামালউদ্দিন জাফরী, ইসলামী ঐক্যজোটের সভাপতি মাওলানা আবদুল লতিফ নেজামী, সহসভাপতি মাওলানা আবুল হাসনাত আমিনী, চট্টগ্রামের পটিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা মুহাম্মদ মোজজাফর আহমেদ, সর্ষিনার মাওলানা আরিফ বিল্লাহ ও কামরাঙ্গীরচর মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুজিবুর রহমান হামিদী মূল মঞ্চে  ছিলেন।

ইফতারে দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, আ স ম হান্নান শাহ, জমিরউদ্দিন সরকার, সারোয়ারি রহমান, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদ আসাদুজ্জামান রিপন, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, জামায়াতে ইসলামীর নেতা শামীম বিন সাঈদীও উপস্থিত ছিলেন।

ইফতার শুরুর আগে খালেদা জিয়া বিভিন্ন টেবিল ঘুরে আগতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

জাতীয়তাবাদী উলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাজধানীর তিনটি মাদ্রাসার তিনশ এতিম শিক্ষার্থী এবং বিভিন্ন মাদ্রাসার উলামা-মাশায়েখরা এই ইফতারে অংশ নেন।”

ইফতারের আগে মোনাজাতে অংশ নেন বিএনপি চেয়ারপারসন।