৩ মামলায় ফখরুলের জামিন
নাশকতার তিন মামলায় বিচারিক আদালতে অভিযোগপত্র দাখিল না হওয়া পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন দিয়েছে উচ্চ আদালত।
বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি আবদুর রব সমন্বয়ের গঠিত বেঞ্চ হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার জামিন প্রশ্নে রুলের ওপর শুনানি নিয়ে অন্তর্বর্তীকালীন জামিনের আদেশ দেয়।
আদালতে ফখরুলের পক্ষে শুনানিতে অংশ নেন খন্দকার মাহবুব হোসেন। সঙ্গে ছিলেন আইনজীবী সগীর হোসেন লিওন ও এ কে এম এহসানুর রহমান।
রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির।
আইনজীবী সগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, ১৬ এপ্রিল হাই কোর্ট এই তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছিল। এ রুল মঞ্জুর করে অসুস্থতার দিক বিবেচনা করে অভিযোগপত্র দাখিল করা পর্যন্ত তার জামিন মঞ্জুর করেছে আদালত।
ছয় মাস ধরে বন্দি ফখরুল বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন।
সগীর বলেন, মির্জা ফখরুলের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। এই তিনটিসহ চারটি মামলায় তিনি জামিন পেয়েছেন। আরও তিনটি মামলায় তার জামিন আবেদন শুনানির অপেক্ষায় রয়েছে।
পল্টন থানায় গাড়ি পোড়ানো, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে চলতি বছরের ৬ জানুয়ারি করা এক মামলায় ১৬ এপ্রিল হাই কোর্টের একটি দ্বৈত বেঞ্চে মির্জা ফখরুলের ছয় মাসের অন্তর্তীকালীন জামিন মঞ্জুর করেন। ওই আদালত এটিসহ চারটি মামলায় তার জামিন প্রশ্নে রুল দেয়।
নাশকতার এই চার মামলার তিনটিই পল্টন থানার। অন্য মামলাটি মতিঝিল থানায় দায়ের করা হয়।
৫ জানুয়ারির কর্মসূচি ঘিরে উত্তাপের মধ্যে দায়ের করা এসব মামলায় গাড়ি ভাংচুর, গাড়িতে অগ্নিসংযোগ ও হাতবোমা বিস্ফোরণের অভিযোগ আনা হয়েছে ফখরুলের বিরুদ্ধে।
দশম জাতীয় সংসদের বর্ষপূতির দিনে বিএনপি সরকারবিরোধী আন্দোলনের ডাক দেওয়ার পরদিন ৬ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের পর গ্রেপ্তার হন ফখরুল।
গ্রেপ্তার হওয়ার পর বিচারিক আদালত এসব মামলায় জামিন চেয়ে বিফল হন ফখরুল। এরপর এপ্রিলে চার মামলায় তার জামিন আবেদন হাই কোর্টে জমা পড়ে।
এরপর থেকে কারাগারে থাকা এই বিএনপি নেতা অসুস্থ হয়ে পড়লে আদালতের নির্দেশে ১৩ জুন কাশিমপুর কারাগার থেকে বিএসএমএমইউর প্রিজন ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়।
তিন মামলা: গাড়ি ভাংচুরের অভিযোগে চলতি বছরের ৪ জানুয়ারি পল্টন থানায় একটি মামলা করে পুলিশ। একই দিন গাড়ি পোড়ানো, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে মতিঝিল থানায় অন্য মামলাটি হয়। এ ছাড়া গত বছরের ২৯ ডিসেম্বর গাড়ি পোড়ানো, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে পল্টন থানায় পুলিশ একটি মামলা করে।
