পরিবারতন্ত্রে বন্দি গণতন্ত্র: মান্নান
বাংলাদেশে এখন গণতন্ত্র নেই দাবি করে এজন্য প্রধান দুই দলের ‘পরিবারতন্ত্র’কে দায়ী করেছেন বিকল্প ধারা বাংলাদেশের মহাসচিব আব্দুল মান্নান।
এক সময় খালেদা জিয়ার মন্ত্রিসভায় থাকা সাবেক এই সেনা কর্মকর্তা বলেছেন, “বাংলাদেশে আজ সত্যিকার গণতন্ত্রের অভাব। গণতন্ত্র নেই। আওয়ামী লীগ ও বিএনপি- এই দুটি দলই সরকারে বার বার ছিল, বিরোধী দলের বার বার ছিল।
“আজকে গণতন্ত্রের চরম বিপর্যয়ের জন্য আমি এই দুটি দলকেই দায়ী করব। কারণ তারা পারিবারিক শাসনে বিশ্বাস করে, জনগণের শাসনে বিশ্বাস করে না। সেজন্যই গণতন্ত্রের আজ এই দুর্দশা।”
সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলী স্মরণে বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরতে গিয়ে একথা বলেন বিকল্প ধারার মহাসচিব।
ক্যান্সারে আক্রান্ত রাজ্জাক আলী গত ৭ জুন মারা যান। বিএনপি থেকে একাধিকবার নির্বাচিত এই সংসদ সদস্যও একিউএম বদরুদ্দোজা চৌধুরীর দল বিকল্প ধারায় যোগ দিয়েছিলেন।
বিএনপির ২০০১-০৬ শাসনামলের সমালোচনা করে মান্নান বলেন, “বিএনপি চেয়েছিল, যেনতেনভাবে ক্ষমতায় থাকবে। এজন্য বিএনপি তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে টেম্পারিং করেছিল।”
তার পরিণতিতে ‘ওয়ান-ইলেভেন’ এসেছিল উল্লেখ করে তিনি বলেন, তখন বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ভঙ্গুর না করলে দুই বছর অগণতান্ত্রিক শাসনে থাকতে হত না বাংলাদেশকে।
বিএনপির পর শেখ হাসিনার শাসনামলের সমালোচনাও করেন মান্নান, যার দল ২০০৭ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে যোগ দিয়েছিল।
“শেখ হাসিনা ক্ষমতায় এসে গণতন্ত্র চর্চা করলেন না। উনি গণতন্ত্রকে গলা টিপে মেরে ফেলেছেন। উনি গণতন্ত্রকে মারার অনেক কৌশল নিয়েছেন। মৌলবাদী স্ট্র্যাটেজি, ভারতের সঙ্গে বন্ধুত্ব ইত্যাদি।”
বড় দুই দলের কাছে ‘গণতন্ত্রের’ প্রত্যাশা করে লাভ নেই মন্তব্য করে অন্য সব দল-মতের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিকল্প ধারার মহাসচিব।
শেখ রাজ্জাক আলীকে স্মরণ করে মান্নান বলেন, “আজএই দুর্দিনে তার মতো সৎ রাজনীতিবিদের প্রয়োজন ছিল। আমরা আশা করব, তার মতো রাজনীতিবিদের জন্ম হবে।”
অনুষ্ঠানে বক্তব্যে বাংলাদেশের বর্তমান অবস্থাকে ‘সঙ্কটজনক’ অভিহিত করে প্রবীণ সাংবাদিক আমানুল্লাহ কবীর বলেন, “আপনারা যেভাবেই বলুন না কেন, দেশে আজ কোনো গণতন্ত্র নেই। চলছে নিয়ন্ত্রিত গণতন্ত্র। রাজনীতি ভারসাম্যহীন হয়ে পড়েছে।”
এজন্য ২০১৪ সালের ৫ জানুয়ারি নিবার্চনে বিএনপির অংশ না নেওয়াকেও দায়ী করেন তিনি।
“ওই নিবার্চনে না যাওয়াটা ভুল সিদ্ধান্ত ছিল। তারা যদি হেরেও যেত, তারপরও সোয়াশ থেকে দেড়শ আসন পেত। তাহলে আজ আওয়ামী লীগের যে কর্তৃত্ববাদ চলছে, একতরফা শাসন চলছে, এই শাসন চলতে পারত না।”
সেই ‘ভুলের’ খেসারত বিএনপির সঙ্গে দেশের সব মানুষকে দিতে হচ্ছে বলেও মন্তব্য করেন এই সাংবাদিক।
অনুষ্ঠানে শেখ রাজ্জাক আলীর নামে খুলনার একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণের দাবিও জানানো হয়।
