২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদু-রিজভীর জামিন আবেদন নাকচ

নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু এবং যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর জামিন আবেদন নাকচ করেছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2015, 08:18 PM

Updated : 22 Aug 2022, 12:36 PM

দুজনের আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ বুধবার শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে মিরপুর থানা এবং রিজভীর বিরুদ্ধে পল্লবী ও মিরপুর থানার নাশকতার তিন মামলায় জামিন চান।

শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল মোল্লা আবেদনগুলো নাকচ করে দেন।

গত ১১ জানুয়ারি মিরপুর এলাকা থেকে শামসুজ্জামান দুদুকে আটক করে পুলিশ। আটকের পর তাকে চার মামলায় ১৫ দিনের রিমান্ড নেয় পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আছেন।

রিজভীকে গত ৩০ জানুয়ারি গুলশানের একটি বাসা থেকে র‌্যাব আটক করে। তাকে বিভিন্ন মামলায় ৩০ দিনের রিমান্ডে পাঠানো হয়েছিল। এখন তিনিও কারাগারে রয়েছেন।

দুদুর বিরুদ্ধে ১৭টি আর রিজভীর বিরুদ্ধে ৪৪টি মামলা রয়েছে বলে তাদের আইনজীবী মেজবাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।