চট্টগ্রামের বিএনপি নেতা আসলামের জামিন
কারাফটক থেকে গ্রেপ্তার চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক আসলাম চৌধুরীকে জামিন দিয়েছে আদালত।
মঙ্গলবার চট্টগ্রামের বিচারিক হাকিম নওরিন আক্তার কাঁকন তার জামিন মঞ্জুর করেন বলে জানান নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকি ইবনু মিনান।
পুলিশ কর্মকর্তা মিনান বলেন, “দুপুরে আসলাম চৌধুরীকে আদালতে তোলার পর বিচারক নওরীন আক্তার কাঁকন আগামী ১৬ জুলাই মামলার পরবর্তী শুনানির দিন পর্যন্ত জামিন মঞ্জুর করেন।
২০১৪ সালের ১ জানুয়ারি এসএস খালেদ রোডে পুলিশের ওপর হামলা, বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে আসলাম চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
ছয় মাস কারাভোগ শেষে জামিনে মুক্তি পাওয়ার পর সোমবার বিকালে কারফটক থেকে আসলাম চৌধুরীকে আটক করে কোতোয়ালী থানা পুলিশ।
গত ৫ জানুয়ারি নগরীর কাজীর দেউড়ি এলাকায় বিএনপি-জামায়াত কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর নাসিমন ভবনস্থ বিএনপি কার্যালয় ও আশেপাশের বিভিন্ন ভবনে অভিযান চালিয়ে আসলাম চৌধুরীসহ আড়াই শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
এঘটনায় নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, উত্তর জেলার আহ্বায়ক আসলাম চৌধুরী, দক্ষিণ জেলার সহ-সভাপতি এনামুল হক এনামসহ ৮৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও অনেককে আসামি করে কোতোয়ালী থানায় একটি মামলা করে পুলিশ।
