ধমকি দিয়ে গণমাধ্যম নিয়ন্ত্রণ হচ্ছে: বিএনপি
দমননীতি অনুসরণ করেই সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিয়নে (ডিআরইউ) এক আলোচনা সভায় তিনি বলেন, “অতীতে আইন করে সংবাদপত্র বন্ধ করা হতো। এখন আইন করে বন্ধ করা হয় না।
“আমাদের নেতাকর্মীদের যেমন হুমকি-ধমকি, মিথ্যা মামলা, জেলে দিয়ে সরকার ধরা-ছোঁয়ার চেষ্টা করে, ঠিক তেমনিভাবে সাংবাদিক ও গণমাধ্যমকেও ধরার চেষ্টা করছে।”
তিনি সাহসের সঙ্গে সত্য প্রকাশে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান।
ডিআরইউর সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশে ডেমোক্রেটিক কাউন্সিলের উদ্যোগে ‘সংবাদপত্রের কালো দিবস’ উপলক্ষে এই আলোচনা সভা হয়।
দিবসটি উপলক্ষে গণমাধ্যমের নিষ্ক্রিয় ভূমিকায় দুঃখ প্রকাশ করে হান্নান শাহ বলেন, “৭-৮ টা পত্রিকা দেখলাম, একটাতেও ১৬ জুনকে নিয়ে কোনো বড় প্রবন্ধ দেখিনি। আগে দেখেছি, কিছু না থাকলেও পত্রিকার প্রথম পাতায় ব্ল্যাক বর্ডার দিয়ে একটি শিরোনাম প্রকাশ করা হতো। এবারে তাও নেই। এটা দুঃখজনক।
“কেবল তাই নয়, আজ কোনো সাংবাদিক বন্ধুকে কালো ব্যাজ পড়তে দেখলাম না। এমনিতে কিন্তু তারা বিভিন্ন সময়ে কালো ব্যাজ পড়ে থাকেন।”
সংবাদপত্রকে রাষ্ট্রের ‘দর্পন’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, “সাংবাদিক ও সংবাদপত্র জনগণের কথা বলে। তারা বস্তুনিষ্ঠভাবে দেশের সত্য প্রকাশ করে জনমত তৈরি করে থাকে। এখন যাতে আমরা সত্য না জানতে পারি, সেজন্য সরকার গণমাধ্যমের কণ্ঠরোধ করছে।”
সংগঠনের সভাপতি এম এ হালিমের সভাপতিত্বে কল্যাণ পার্টির সভাপতি সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার পারভেজ আহমেদ, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।
