২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারা দেখল, সবকিছুই চিচিং ফাঁক: আমু

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ বিজেপি নেতাদের কাছে ‘দৌড়ঝাঁপ’ করে আওয়ামী লীগ সরকারকে বিএনপি উল্টে দিতে চেয়েছিল বলে দাবি করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2015, 06:35 PM

Updated : 22 Aug 2022, 12:34 PM

শুক্রবার দুপুরে ঝালকাঠী সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আমু বলেন, “যারা নরেন্দ্র মোদী সরকারের নির্বাচনের আগে দৌড়ঝাঁপ দিয়েছিল, আওয়ামী লীগ সরকারকে উল্টে দিতে চেয়েছিল; তারা আজ দেখল সবকিছুই চিচিং ফাঁক।”

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে আওয়ামী লীগের এই প্রবীণ নেতা বলেন, “সাষ্টাঙ্গে প্রণাম করেও মাত্র ১০ মিনিটের সাক্ষাৎকার।”

৬ জুন দুই দিনের বাংলাদেশ সফরে এসে পরদিন হোটেল সোনারগাঁওয়ে বিরোধী দলীয় নেতা রওশাদ এরশাদসহ সরকারি দলের জোটসঙ্গী কয়েকটি দলের নেতাদের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সৌজন্য সাক্ষাত হয়।

এরপর এই বিজেপি নেতার সঙ্গে দেখা করেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। প্রায় ১৫ মিনিট খালেদা-মোদী একান্ত আলোচনা হয় বলে সাক্ষাতের পর বিএনপি নেতারা গণমাধ্যমকে জানান।

সফর শেষে যাওয়ার আগে ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত এক বক্তৃতায়, বাংলাদেশকে একসঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভারতসহ প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে দারিদ্রের হার কম উল্লেখ করে স্থানীয় আওয়ামী লীগের ত্রিবার্ষিক এই সম্মেলনে শিল্পমন্ত্রী আমু জানান, বর্তমানে দেশে দারিদ্রের হার শতকরা ৩৪ ভাগ।

২০১৮ সালের মধ্যে বাংলাদেশে দারিদ্রের হার শতকরা ১৮ ভাগে নেমে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

শিল্পমন্ত্রী বলেন, “আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের এ অবস্থা দেখেই ঢাকা সফরে এসে বাংলাদেশ-ভারত একসঙ্গে এগিয়ে যাবে বলেছেন।”

ঝালকাঠী পুরাতন স্টেডিয়ামে এ সম্মেলনে পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি লিয়াকত আলী তালুকদারের সভাপতিত্বে কাউন্সিলর, ডেলিগেট ছাড়াও আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সম্মেলনে সদর উপজেলা কমিটিতে সভাপতি আব্দুর রশিদ হাওলাদার ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান এবং পৌর আওয়ামী লীগের কমিটিতে সভাপতি হিসেবে লিয়াকত আলী তালুকদার এবং সাধারণ সম্পাদক পদে মাহাবুব হোসেনের নাম ঘোষণা করা হয়।

পুরনো খবর:

‘বাংলাদেশে গণতন্ত্র নেই’- মোদীকে বললেন খালেদা
মোদীর দেখা পাচ্ছেন খালেদা
মোদীর অপেক্ষায় বিএনপি