মোদীর অপেক্ষায় বিএনপি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরে দুই দেশের অমীমাংসিত সমস্যার সমাধান হবে বলে প্রত্যাশা করছে বিএনপি।
দলটি এই বিজেপি নেতাকে স্বাগত জানানোরও সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার বিকালে এক আলোচনা সভায় দলের সবোর্চ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি সদস্য মাহবুবুর রহমান এ কথা জানান।
তিনি বলেন, “শুনেছি- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জুন মাসে ঢাকা সফরে আসছেন। দীর্ঘ প্রত্যাশিত এই সফর হতে যাচ্ছে। আমরা তার আগমনকে স্বাগত জানাই।
“আমরা আশা করি, এই সফরের মধ্য দিয়ে দুই দেশের বাণিজ্য বৈষম্য দূরীকরণ, সীমান্ত হত্যা বন্ধ, পানি সমস্যাসহ অমীমাংসিত সমস্যার সমাধান আসবে। একাত্তরের মুক্তিযুদ্ধে দুই দেশের মধ্যে সম্প্রীতির যে বাতাবরণ তৈরি হয়েছে, এই সফরের মধ্য দিয়ে তা আরও মজবুত হবে।”
জাতীয় প্রেস ক্লাবের জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার অভিযোগপত্র প্রত্যাহারের দাবিতে এই আলোচনা সভা হয়।
গত লোকসভার নির্বাচনে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি-বিজেপির নিরুঙ্কুশ বিজয়ের কথা উল্লেখ করে মাহবুবুর রহমান বলেন, “মোদী গণতন্ত্রের বিজয় পতাকা উড়িয়ে বাংলাদেশে আসবেন। আমরা প্রত্যাশা করি, উনি বাংলাদেশের মানুষের আকুতি সেই গণতন্ত্রের কথা বলবেন।”
সংবিধান সংশোধনের মাধ্যমে ৪১ বছর পর সীমান্ত চুক্তি বাস্তবায়নের পথ উন্মুক্ত হওয়ায় নরেন্দ্র মোদীর সরকারকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, “দীর্ঘ কয়েক যুগ পর ভারতের মোদী সরকারেরর আমলেই এই সংশোধন আসায় আমরা তাদের অভিনন্দন জানিয়েছি।”
টিপাইমুখে বাঁধ নিমার্ণ ও ব্রক্ষপুত্র আন্তঃনদী সংযোগ প্রকল্প বাংলাদেশের পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলবে বলে এসব প্রকল্প বন্ধের জন্য ভারতের প্রতি দাবিও জানান মাহবুব।
“আমরা মনে করি, ভারতের গণতন্ত্র, গণতান্ত্রিক ব্যবস্থা ও নিবার্চনের বিষয়ে আমাদের সরকারের অনেক কিছু তাদের কাছ থেকে শেখার আছে।”
একাত্তরে মুক্তিযুদ্ধে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সহযোগিতার কথা স্মরণ করে সাবেক সেনা প্রধান মাহবুবুর রহমান বলেন, “একাত্তরে যখন পাকিস্তানি বাহিনী আমাদের দেশে সার্চ লাইট অপারেশনের মাধ্যমে গণহত্যা চালিয়েছিল, প্রায় এক কোটি মানুষ ভারতে চলে যেতে বাধ্য হয়, তখন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাদের আশ্রয় দিয়েছিলেন। মুক্তিযুদ্ধে তার সেনা বাহিনীকে আমাদের মুক্তিযোদ্ধাদের সহযোগিতার জন্য পাঠিয়েছিলেন। ওই যুদ্ধে ভারত তথা ইন্দিরা গান্ধী সহযোগিতা করেছেন।
“কেবল তাই নয়, যুদ্ধ শেষে বঙ্গবন্ধু যখন আমাদের স্বাধীন দেশ থেকে ভারতীয় সৈন্যদের চলে যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন, ইন্দিরা গান্ধী তখন তার সৈন্য বাহিনী ফিরিয়ে নিয়েছিলেন।”
বাংলাদেশের বর্তমান অবস্থাকে ‘সংকটজনক’ আখ্যায়িত করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গাড়ি পোড়ানোর মতো মামলা দেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে আজ তিনটি মামলায় পুলিশ ৩০ দিনের রিমান্ডের আবেদন করেছিল। এটা অন্যায়, এটা অবিচার। এভাবে দলের বড় বড় নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদের কারাগারে আটকিয়ে রাখা হয়েছে।”
সারাদেশে বিএনপিসহ বিরোধী দলের ১৬ হাজার ৫২০ নেতাকর্মী কারাগারে বন্দি ও ১৫ হাজার মামলায় তিন লাখের বেশি নেতাকর্মীকে আসামি করা হয়েছে বলে অভিযোগ করেন মাহবুবুর রহমান।
সরকারকে নিপীড়ন-নিযার্তনের পথ থেকে সরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, “সোজা পথে চলুন। জনগণের মনের কথা বুঝতে চেষ্টা করুন। গলাবাজি বন্ধ করে সব দলের অংশগ্রহণমূলক নির্বাচনের একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি করুন।”
দলকে পুনর্গঠন করে সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলন জোরদার করা হবে বলেও জানান মাহবুব।
তিনি অভিযোগ করেন, মানবপাচারে হাজার হাজার বাংলাদেশির মানবিক বিপর্যয়ের মধ্যেও সরকারের ‘নিবার্ক’ ভূমিকায় রয়েছে।
“মিয়ানমান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার উপকূলীয় সাগরে মানুষ ভাসছে। না খেয়ে আছে হাজার হাজার বাংলাদেশি। একটু খাবারের জন্য কাড়াকাড়ি করছে। নৌকা থেকে সাগর ফেলে দেওয়া হচ্ছে অনেককে। অথচ সরকার নিবার্ক।”
মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, গণস্বাস্থ্য সংস্থার প্রতিষ্ঠাতা ট্রাস্টি ড. জাফরুল্লাহ চৌধুরী, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, মুক্তিযোদ্ধা দলের শাহ আবু জাফর, অ্যাডভোকেট ফজলুর রহমান, সাদেক আহমেদ খান প্রমুখ বক্তব্য রাখেন।
