বিএনপি দেউলিয়া হয়ে গেছে: হানিফ
বিএনপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
শুক্রবার কুষ্টিয়ায় নিজ বাসভবনে তিনি সাংবাদিকদের বলেন, দলটি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। বারবার ভুল সিদ্ধান্ত, ভুল রাজনীতি ও ‘দুর্নীতিগ্রস্ত’ নেত্রীর ব্যার্থতার কারণে দলের নেতাকর্মীদের মধ্যে প্রচণ্ড হতাশা কাজ করছে।
হতাশা থেকে দলের নেতারা নানা অসংলগ্ন কথা বলছেন বলে মনে করেন তিনি।
সরকারের সমালোচনা করায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ ও আব্দুল মইন খানকে মানসিক ভারসাম্যহীন বলে উল্লেখ করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের এই নেতা।
তিনি বলেন, বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানরা স্বীকার করেছেন বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হতে যাচ্ছে। সেটি শেখ হাসিনার নেতৃত্বে সম্ভব হয়েছে।
নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেন বাংলাদেশে এসেছিলেন। এক সেমিনারে তিনি বাংলাদেশ অনেকদূর এগিয়েছে এবং এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছিলেন।
এছাড়া বাংলাদেশের অনেক খাত আছে যা ভারতের থেকে এগিয়ে বলেও মনে করেন অমর্ত্য সেন।
হানিফ আরও বলেন, শিশুমৃত্যু হার, মাতৃত্বকালীন মৃত্যুর হার, স্বাস্থ্য খাতসহ নানা খাতে দেশ এগিয়েছে।
“আজ আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে, মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে এবং রপ্তানি বেড়েছে।”
তিনি বলেন, সকল ক্ষেত্রে দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে সে সময় রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন পরপর পাঁচবার দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করা, জঙ্গিদেশ হিসেবে তালিকাভুক্ত করাসহ ব্যর্থ ও দুর্নীতিবাজ নেত্রীর দলের নেতারা এ প্রশ্ন তোলেন।
জনগণ এদের উন্মাদ বলে মনে করে। এই ধরনের মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের কথা নিয়ে কোনো আলাপ আলোচনা না করাই ভালো, বলেন হানিফ।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আ স ম হান্নান শাহ এক অনুষ্ঠানে ‘বিশ্বচোর’ ও ‘বিশ্ববেহায়া’ দেশ চালাচ্ছে বলে মন্তব্য করেছিলেন।
এছাড়া বাজেট প্রস্তাবের পর বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আব্দুল মইন খান এ সরকারকে ‘ভুয়া সরকার’ বলে মন্তব্য করেছিলেন।
মইন খানের এ মন্তব্যের জবাবে হানিফ বলেন, এ সরকারকে গোটা বিশ্ব সর্মথন জানাচ্ছে, কাজে সহায়তা করছে, সরকার প্রধানকে বিভিন্ন দেশে আমন্ত্রণ জানাচ্ছে, রাষ্ট্রীয় সফরে নিয়ে যাচ্ছে।
বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানরা সফরে আসছেন, চীনের ও ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করে গেলেন।
সেই সরকারকে যখন কেউ ভুয়া বলে, তখন তাকে ‘মানসিক ভারসাম্যহীন’ বলে জনগণ সন্দেহ করে, বলেন হানিফ।
দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী খান প্রমুখ।
