২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির গণতন্ত্রের সদস্য পদ তামাদি হয়ে গেছে: ইনু

আগুনযুদ্ধে জড়িয়ে বিএনপির গণতন্ত্রের সদস্য পদ তামাদি হয়ে গেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2015, 02:19 AM

Updated : 22 Aug 2022, 12:34 PM

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের  নবনির্বাচিত মেয়র সাঈদ খোকনকে দেওয়া জাসদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ইনু বলেন, বছরের শুরুতে বিএনপি হরতাল-অবরোধের নামে ‘অগুনযুদ্ধে’ জড়িয়ে গেছে, তাই বেগম খালেদা জিয়ার এ দলটির গণতন্ত্রের সদস্য পদ তামাদি হয়ে গেছে।

২০১৯ সালের নির্বাচনে জঙ্গিবাদ ও ‘আগুন সন্ত্রাসী’ বিএনপি-জামায়াতকে দেখতে চান না বলেও তিনি মন্তব্য করেন।

বক্তব্যে নবনির্বাচিত মেয়র সাঈদ খোকনকে ঢাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখার পরামর্শ দেন ইনু।

অনুষ্ঠানে সাঈদ খোকন বলেন, আগামী দুই মাসের মধ্যে ঢাকা দক্ষিণের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থান, রেল স্টেশন, লঞ্চঘাট ও সোহরাওয়ার্দী উদ্যানসহ বিভিন্ন পার্ক বিনামূল্যের ওয়াইফাই জোনের আওতায় আনা হবে।

প্রত্যেক বাড়িতে আবর্জনা পরিষ্কারের ব্যাগ বিনামূল্যে দেওয়া হবে। আর মানুষের যাতে কষ্ট না হয় সেজন্য বর্ষা মৌসুমে রাস্তা মেরামতের কোনো কাজ করা হবে না বলে প্রতিশ্রুত দেন দক্ষিণের মেয়র।

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাসদ নেত্রী শিরিন আক্তার, মো. শহিদুল ইসলাম, জাসদের মহানগর সমন্বয় কমিটি সভাপতি মীর হুসেন আখতার, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।