২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ছাত্রলীগ নেতা হওয়ার যোগ্যতা যেন চামচামি না হয়’

ছাত্রলীগের নেতৃত্ব বাছাইয়ে ক্ষেত্রে ‘যোগ্যতা যেন চামচামি’ না হয় সেদিকে খেয়াল রাখতে বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2015, 11:33 PM

Updated : 12 Oct 2022, 03:49 PM

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

‘যোগ্যদের’ দিয়ে ছাত্রলীগের কমিটি করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য ওবায়দুল কাদের বলেন, “যোগ্যতাকে স্বীকৃতি না দিলে ভালো ছেলে-মেয়েরা রাজনীতি করার আকর্ষণ হারিয়ে ফেলবে। যদি কেউ মনে করে, অমুক ভাইয়ের সঙ্গে থাকলে, মধুর পেছনে ছুটোছুটি করে তাহলে হবে না। নেতা হওয়ার ফ্যাক্টর হবে যোগ্যতা, তা যেন চামচামি না হয়। নতুন যে কমিটি হবে, সেটা যেন ভাই বা বসদের কমিটি না হয় সেদিকেই সতর্ক থাকতে হবে।”

ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “তোমরা নেতা হবে নি​জেদের যোগ্যতায় অন্যের আশির্বাদে কেন হতে হবে?”

Image
ফেইসবুক থেকে নেয়া ছবি

ফেইসবুক থেকে নেয়া ছবি

ছাত্রনেতাদের আচরণ যেন ​‘ডিজিটাল’ না হয়ে যায় সে অনুরোধ জানিয়ে সংগঠনের সাবেক সভাপতি বলেন, “ঐতিহ্য, মূল্যবোধ, সৌজন্যতাবোধ- এসব হচ্ছে ‘অ্যানালগ’ ব্যাপার। এগুলো যেন হারিয়ে না যায়।”

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি আগে করতে পারলে ভালো হতে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, “সংবাদপত্রে শুনছি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি যেন কেন্দ্রীয় কমিটির সঙ্গে হয় সেই দাবি করা হচ্ছে। কেন আগে নয়? আগে করতে পারলে ভালো হত। নইলে ট্র্যাফিক জ্যাম তৈরি হয়ে যায়। পরিচয় না বলতে পারার বেদনা অনেক কর্মীকে কষ্ট দেয়।”

পদ বাঁচানো বা পদে যাওয়ার জন্য অনেক শিক্ষক ছাত্রদের ব্যবহার করেন-মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, “বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষগুলো ২৫ বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন দিতে পারছে না। ২৫ বছরে অন্তত ৫০ জন ছাত্রনেতা তৈরি হত।

“এক বছর, পাঁচ বছর করে দুই যুগ কেটে গেছে। ছাত্র সংসদ নির্বাচন থাকলে কোনো ছাত্রই খারাপ আচরণ করতে পারবে না। ভোটাররা যাতে তার আচ​রণে মুগ্ধ হয়ে ভোট দেয় সে চেষ্টা করত।”

দ্রুত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদসহ (ডাকসু) সব বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনের ​দাবি জানিয়ে তিনি বলেন, “ছাত্র সংসদ নির্বাচনের পর যদি ছাত্রনেতারা দায়িত্ব নেয়, তবে কর্তৃপক্ষের দায়িত্বের সীমানা সংকুচিত হবে বলে তারা শঙ্কায় ভুগছেন কি না জানতে চাই।”

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ সম্মেলনের উদ্বোধন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধানবক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।

ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ওমর শরীফ উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন।