২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি পরিণতি হবে মুসলিম লীগের মতো: কামরুল

বিএনপির জন্য মুসলিম লীগের পরিণতি অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2015, 05:13 PM

Updated : 22 Aug 2022, 12:34 PM

“আগামী নির্বাচনের আগেই বিএনপি খণ্ড-বিখণ্ড হয়ে মুসলিম লীগের মতো হয়ে যাবে,” বলেছেন এই আওয়ামী লীগ নেতা।

পাকিস্তান আমলে ক্ষমতাসীন মুসলিম লীগ বাংলাদেশ হওয়ার পর ক্ষয়িষ্ণু হয়ে বর্তমানে শুধু নাম টিকিয়ে রেখেছে।

জাতীয় প্রেস ক্লাবে বৃহস্পতিবার এক আলোচনা সভায় কামরুল বিএনপি গঠনের ইতিহাস তুলে ধরে বলেন, “ষড়যন্ত্রের মধ্য দিয়ে জামায়াতের গর্ভে বিএনপির জন্ম। জিয়াউর রহমানের উত্থান ষড়যন্ত্রের মধ্য দিয়ে।

“বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে জিয়া-বিএনপির উত্থান। একাত্তরের ঘাতকদের নিয়ে বিএনপি একটা ককটেল পার্টি। ষড়যন্ত্রের মধ্য দিয়ে যে দলটির জন্ম, এখনও সেই দলটি ষড়যন্ত্র করছে।”

খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির বর্তমান অবস্থার মূল্যায়নে আওয়ামী লীগ নেতা কামরুল বলেন, “খালেদা জিয়ার সম্পর্কে বলতে চাই না। এদের সম্পর্কে মওদুদ সাহেব-মাহবুবুর রহমান সাহেবরাই যথেষ্ট। ওদের দলের সিনিয়র নেতাদের অভিব্যক্তি আমরা বুঝি।

“মোদী সাহেবের সাথে বেগম খালেদা জিয়া সাক্ষাৎ করতে গেছেন, সেই খানে মওদুদ সাহেবের মতো সিনিয়র নেতা অনুপস্থিত। এরা ধ্বংসের দ্বারপ্রান্তে উপস্থিত। এরা বিলীন হয়ে যাবে। এতে কোনো সন্দেহ নেই।”

বাংলাদেশের স্বাধীনতাবিরোধী কোনো দলের অস্তিত্ব আগামীতে থাকবে না ঘোষণা দিয়ে কামরুল বলেন, “বাংলাদেশে সরকারি দল ও বিরোধী দল সবাইকে মুক্তিযুদ্ধের পক্ষের হতে হবে।”

জাতীয় প্রেস ক্লাবে ‘মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি’ দীর্ঘদিন পর দায়িত্ব নেওয়ায় তাদের অভিনন্দন জানান খাধ্যমন্ত্রী।