২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ার আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন খালেদা

প্রয়াত স্বামী জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার আলোকচিত্র নিয়ে একটি প্রদর্শনীর উদ্বোধন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2015, 07:23 PM

Updated : 12 Oct 2022, 03:44 PM

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী ছিল শনিবার। এ উপলক্ষে রোববার দ্বিতীয় দিনের মতো দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছেন খালেদা জিয়া।

বেলা সাড়ে ১১টায় গুলশানের দুই নম্বর সড়কে ডিসিসি মার্কেটের সামনে স্থানীয় বিএনপির উদ্যোগে দুস্থদের মধ্যে খাবার বিতরণ কর্মসূচি শুরু করেন বিএনপি চেয়ারপারসন। এরপর তিনি মহাখালী, শাহিনবাগ, এফডিসি মোড়ে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠন আয়োজিত অনুষ্ঠানে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেন।

জিয়াউর রহমানের কর্মকাণ্ডকে গুরুত্ব দিয়ে বিভিন্ন সময়ে তোলা আলোকচিত্র নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। ওই প্রদর্শনী উদ্বোধন করতে বেলা ১টা ২০ মিনিটের দিকে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আসেন বিএনপি নেত্রী।

ঘুরে ঘুরে পুরনো আলোকচিত্রগুলো দেখেন তিনি। জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকাকালে বিভিন্ন দেশ সফরের সময় রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সাক্ষাতের সেইসব আলোকচিত্রে সফরসঙ্গী হিসেবে খালেদা জিয়ার ছবিও রয়েছে, যা প্রদর্শনীতে স্থান পেয়েছে।

দিনব্যাপী এই প্রদর্শনীতে ১০৪টি আলোকচিত্র রাখা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সাবেক ছাত্র ছাত্রদল নেতা সঞ্জয় দে রিপন, শিল্প অগ্নি, এম এ মান্নান ও রিয়াদ আমিন সম্মিলিতভাবে ‘ক্রিস্টাল ফাইভার’ দিয়ে জিয়াউর রহমানের একটি প্রতিকৃতি নির্মাণ করেছেন, যা এই প্রদর্শনীতে স্থান পেয়েছে। স্বামীর ওই প্রতিকৃতিও দেখেন খালেদা জিয়া।

ছাত্রদলের এই অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতা শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, হাবিব উন নবী খান সোহেল, মীর সরফত আলী সপু, নুরী আরা সাফা, আজিজুল বারী হেলাল, সুলতান সালাহউদ্দিন টুকু, শহিদুল ইসলাম বাবুল, আমিরুজ্জামান খান শিমুল, ছাত্রদলের সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান, সহসভাপতি নাজমুল হাসান, ইশতিয়াক আহমেদ নাসির প্রমুখ উপস্থিত ছিলেন।

এরপর বিএনপি চেয়ারপারসন বাংলামটরের সিআর দত্ত সড়ক ও গাবতলীতে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেন।

এ সময় দলের যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহানসহ নেতারা উপস্থিত ছিলেন।

রোববারই মীরপুরের শাহ আলী মাজার মার্কেট, পল্লবী, কালসী, শেওড়াপাড়া বাসস্ট্যান্ড, উত্তরার আমীর কমপ্রেক্স, বাড্ডার আমিন মার্কেট, রামপুরার বিভিন্ন স্থানে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করার কথা রয়েছে খালেদা জিয়ার।