দেশের গণতন্ত্র আজ খাদের কিনারায়: রিপন
‘খাদের কিনারায় চলে যাওয়া গণতন্ত্র’কে ফেরাতে না পারলে দেশ ‘একদলীয়’ শাসনের চলে যাবে বলে আশঙ্কাপ্রকাশ করেছেন বিএনপি নেতা আসাদুজ্জামান রিপন।
এই অবস্থা থেকে উত্তরণে সরকার ও বিরোধী দলের মধ্যে কাযর্কর সংলাপের উপর জোর দিয়েছেন তিনি।
রোববার দুপুরে রাজধানীতে এক দোয়া মাহফিলে দলের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক রিপন বলেন, “আমরা এক ক্রান্তিকাল অতিক্রম করছি। গণতন্ত্র আজ খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। এই থেকে উত্তরণে সরকার ও বিরোধী দলের মধ্যে কাযর্কর সংলাপ জরুরি।
“টেকসই গণতন্ত্র ও টেকসই নিবার্চন প্রক্রিয়া ফিরিয়ে আনতে না পারলে দেশ একদলীয় ব্যবস্থা দিকে চলে যাবে। এতে গণতন্ত্র মৃত্যুপ্রায় হয়ে যাবে।”
রোববার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কাযার্লয়ের নিচ তলায় জাতীয়তাবাদী যুব দলের উদ্যোগে বিএনপির প্রয়াত সহ-সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহম্মেদ পিন্টুর স্মরণে এই দোয়া ও মিলাদ মাহফিল হয়।
গত ৩ মে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পিন্টু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। কারা কর্তৃপক্ষের অবহেলায় পিন্টুর মৃত্যু হয়েছে বলে বিএনপি অভিযোগ তোলার পর বিষয়টি তদন্তে ঢাকা বিভাগীয় ডিআইজি (প্রিজন) গোলাম হায়দারকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করে কারা অধিদপ্তর।
আসাদুজ্জামান বলেন, “দেশে আজ হিংসা ও ধ্বংসের রাজনীতি চলছে। বিরোধী দলের ওপর চালানো হচ্ছে নিপীড়ন-নিযার্তন। সরকার যদি মনে করে, তারা প্রতিপক্ষকে ধ্বংস কিংবা নির্মূল করে টিকে থাকবে। নিবার্চনে বিরোধী মতকে জিততে দেবে না। এসব করলে কিভাবে দেশে গণতন্ত্র থাকবে?
“এখন জাতীয় নিবার্চন দূরে থাক, স্থানীয় সরকার নিবার্চন নিয়েও জাতিসংঘসহ আন্তর্জাতিক মহল প্রশ্ন তুলেছে। এটা আমাদের জন্য সন্মানজনক নয়।’’
সরকারের প্রতি আহ্বান রেখে তিনি বলেন, “বিভেদ ও প্রতিহিংসা ভুলে গিয়ে দেশে যে অনিশ্চিত অবস্থার সৃষ্টি হয়েছে, তা থেকে উত্তরণে দ্রুত কাযর্কর সংলাপে বসুন।
“শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নয়, কীভাবে দেশকে এগিয়ে নেয়া যায়, কীভাবে আমাদের বিশাল যুব সমাজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যায়, দেশের অর্থনীতি শক্তিশালী করা যায় ইত্যাদি জাতীয় ইসুতে আমাদের মধ্যে ঐক্যমত হতে হবে।
“আমরা দেশে একটি স্থায়ী টেকসই নিবার্চনী ব্যবস্থার জন্য কাজ করতে চাই।”
দোয়া মাহফিলে যুব দলের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা এলবার্ট পি কস্টা, আবদুল খালেক, আবদুল বারী ড্যানি, আলী আকবর চুন্নু, মাহবুবুল আলম স্বপন, আকম মোজাম্মেল হক, কাজী রফিক, বিএনপির শাহজাদান মিয়া, রফিক শিকদার, এম এ ফোরকান, উলামা দলের হাফেজ আবদুল মালেক, শাহ নেসারুল হক ও মৎস্যজীবী দলের আবদুল আউয়াল খান অংশ নেন।
