খালেদাকে আসামি করে সংঘাতের পথে সরকার: বিএনপি
নাশকতার মামলায় খালেদা জিয়াকে আসামিকে করে সরকার সংঘাতের পথে এগিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
জাতিসংঘসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার জন্য পদক্ষেপ নিতে বললেও সরকার উল্টো পথে হাঁটছে বলে অভিযোগ দলটির।
বৃহস্পতিবার এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির মুখপাত্রের দায়িত্বে থাকা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন বলেন, “কূটনীতিকরা সরকার ও বিরোধী দলের মধ্যে আস্থা তৈরির কথা বলে আসছিলেন। এজন্য তারা প্রধানমন্ত্রীকে চিঠিও দিয়েছেন। আমাদের নেত্রীর সঙ্গেও দেখা করেছে। কিন্তু সেই পথকে বন্ধ করতে সরকার ‘কনফিডেন্স বিল্ডিংয়ের’ বদলে ‘কনফ্লিক্ট বিল্ডিংয়ের’ পথ বেছে নিয়েছে।”
বিএনপি নাশকতা, পেট্রোল বোমা ও বাসে অগ্নিসংযোগের রাজনীতিতে বিশ্বাস করে না দাবি করে তিনি বলেন, “সরকার পরিকল্পিতভাবে নাশকতার দায় বিরোধী দলের ওপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করছে। এরই অংশ হিসেবে তারা তিনবারের প্রধানমন্ত্রী ও দেশের বৃহৎ রাজনৈতিক দলের প্রধানকে আসামি করে ন্যাক্কারজনকভাবে অভিযোগপত্র দিয়েছে।
“এভাবে শুধু বেগম জিয়াকে আসামি করলে গণতন্ত্র শক্তিশালী হবে না। সরকার সাময়িকভাবে লাভবান হতে পারে।”
বিএনপি-জামায়াত জোটের অবরোধের মধ্যে গত ২৩ জানুয়ারি যাত্রাবাড়ীতে বাসে পেট্রোল বোমা নিক্ষেপে হতাহতের ঘটনায় দায়ের করা মামলায় খালেদা জিয়াসহ ৩৮ জনকে আসামি করে বুধবার মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
অবরোধে নাশকতার ঘটনায় বিএনপির কোনো সম্পৃক্ততা ছিল না দাবি করে আসাদুজ্জামান রিপন বলেন, “আমাদের চেয়ারপারসন খালেদা জিয়া প্রকৃত অপরাধীদের চিহ্নিত করতে জাতিসংঘের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠনেরও দাবি জানিয়েছেন। কিন্তু সরকার সেই পথে না গিয়ে বিরোধী দল নির্মূলের পথ বেছে নিয়েছে।”
সরকারের প্রতি ‘দমনের’ পথ থেকে সরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা সরকারকে বলব, এই পথ থেকে সরে আসুন। আমরা সরকারের গঠনমূলক সমালোচনা করতে চাই। ভিন্নমত দমন করে গণতন্ত্রকে শক্তিশালী করা যাবে না।”
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ ব্রিফিং হয়।
রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে বরখাস্তের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিএনপি নেতা রিপন বলেন, “বিরোধী দলের নির্বাচিত মেয়রদের মামলা দিয়ে বরখাস্ত করা হচ্ছে। গাজীপুরের মেয়র আবদুল মান্নানের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। সিলেটের মেয়রকে মামলা দিয়ে কারাগারে বন্দি রাখা হয়েছে।
“এভাবে সারাদেশে সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলায় বিরোধী দলের নির্বাচিত প্রতিনিধিদের মামলা দিয়ে বরখাস্ত করছে। তাদের জায়গায় ক্ষমতাসীন দলের লোকজনকে বসানো হচ্ছে।
“আমরা মনে করি, বিরোধী দলের নির্বাচিত প্রতিনিধিদের অপসারণের মাধ্যমে সরকার দেশের স্থানীয় সরকার ব্যবস্থাকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে।”
সংবাদ ব্রিফিংয়ে অন্যদের মধ্যে কেন্দ্রীয় নেতা কাজী আসাদুজ্জামান, শাহজাদা মিয়া, আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, আসাদুল করীম শাহিন, আবদুস সালাম আজাদ, শামসুল আলম তোফা প্রমুখ উপস্থিত ছিলেন।
