২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরের মেয়রের বিরুদ্ধে অভিযোগপত্র

গাড়ি ভাংচুরের মামলায় গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নানের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2015, 05:59 PM

Updated : 22 Aug 2022, 12:11 PM

বৃহস্পতিবার গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দাখিলের পর বিচারক বেগম ফারজানা খান আগামী ১২ মে এ ব্যাপারে পরবর্তী শুনানির দিন রাখেন।

অভিযাগপত্রে বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা ছাড়াও গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনসহ দলটির ৪৩ নেতাকর্মী রয়েছেন বলে নিশ্চিত করেন আদালত পুলিশের পরিদর্শক মো. রবিউল ইসলাম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত বছর ২৭ ডিসেম্বর বিএনপির ডাকা হরতাল চলাকালে সিটি করপোরেশনের বড়বাড়ি এলাকায় সাংবাদিক বহনকারী একটি মাইক্রেবাস এবং একটি লেগুনা ভাংচুরের ঘটনা ঘটে।

এ ঘটনায় সাংবাদিক এমএ ফরিদ বাদী হয়ে মেয়র এম এ মান্নান, বিএনপি নেতা ফজলুল হক মিলনসহ ৩০ জনের নামে এবং অজ্ঞাত পরিচয় আরও ১৫/২০ বিএনপি নেতাকর্মীর নামে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন।

মেয়রের আইনজীবী মঞ্জুর মোর্শেদ প্রিন্স জানান, মেয়র মান্নানের বিরুদ্ধে জয়দেবপুর, শ্রীপুর ও কালিয়াকৈর থানায় আরও পাঁচটি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে তিনটিতে তিনি জামিনে রয়েছেন।

গত ৪ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলার মামলায় গত ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেয়র মান্নান ঢাকার বারিধারার বাসভবন থেকে গ্রেপ্তার হন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

গত ৮ মার্চ থেকে প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।