২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সন্তানতুল্য’ মির্জা আব্বাসের জন্য ভোট চাইলেন খালেদা

‘সন্তানতুল্য’ মির্জা আব্বাসকে ভোট দিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2015, 09:24 PM

Updated : 22 Aug 2022, 12:07 PM

কারওয়ান বাজারে হামলার একদিন বাদে মঙ্গলবার শাহজাহানপুরসহ বিভিন্ন এলাকায় জনসংযোগ চালান খালেদা। এদিন তার গাড়িবহরের পেছনে পুলিশের একটি ভ্যান ছিল, যা আগের দিন ছিল না।

মালিবাগ, শাহজাহানপুরে প্রচার চালিয়ে নয়া পল্টন হয়ে আরামবাগ গিয়ে ঘুরে ফেরার সময় ফকিরাপুল কাঁচা বাজারের কাছে ফের গোলমালের মধ্যে পড়ে খালেদার গাড়িবহর।

ওই সময় ঢাকা দক্ষিণে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকনের সমর্থকরা ওই এলাকায় প্রচার চালাচ্ছিল। পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা দেখা দেয়। দুই পক্ষের মধ্যে ঢিল ছোড়াছুড়িও হয়।

বিএনপি কার্যালয়ের কয়েকশ’ গজের মধ্যে এই ঘটনার সময় দলীয় চেয়ারপারসনের গাড়ি ঘিরে ছিল বিএনপির কয়েকশ’ নেতা-কর্মী। হট্টগোলের মধ্যেই ধীরে ধীরে নয়া পল্টনের দিকে এগিয়ে যায় খালেদা জিয়ার গাড়িবহর।

এর আগে রাত ৮টার দিকে নয়া পল্টনে পলওয়েল মার্কেটের সামনে গাড়ির ওপর দাঁড়িয়ে খালেদা হ্যান্ড মাইকে বলেন, “আমি স্বামী হারিয়েছি দেশের জন্য। কিছুদিন আগে আমি সন্তান হারিয়েছি। মির্জা আব্বাস আমার সন্তানের মতো।

“নগরবাসীর প্রতি আকুল আবেদন, সন্তান হারানোর ব্যথা নিয়ে আমি আজ আপনাদের ভোট চাইতে এসেছি। মির্জা আব্বাসকে ভোট দিয়ে জয়যুক্ত করে আমরা সন্তান হারানোর ব্যথা কিছুটা হলেও আপনারা উপশম করুন।”

এসময় গাড়িবহরের পাশেই ছিলেন মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। দলীয় চেয়ারপারসনের বক্তব্যের পর তার সঙ্গে কথা বলেন আফরোজা।

৬৪ বছর বয়সী মির্জা আব্বাস বিভিন্ন মামলা মাথায় নিয়ে অপ্রকাশ্যে রয়েছেন। তার পক্ষে স্ত্রী আফরোজাই প্রচার চালিয়ে যাচ্ছেন।

পলওয়েল মার্কেটের ব্যবসায়ীদের উদ্দেশে খালেদা জিয়া বলেন, “আপনারা সন্ত্রাস ও চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ। আপনারা কি ব্যবসা করতে পারছেন? আজ দেশের কারও কোনো নিরাপত্তা নেই। এ থেকে মুক্তির জন্য আমি আব্বাসের পক্ষে ভোট চাই।”

২৮ এপ্রিলের নির্বাচনে ‘মগ’ প্রতীকে ভোট চেয়ে মালিবাগে এক পথসভায় খালেদা জিয়া বলেন, “মির্জা আব্বাস এই এলাকার সন্তান, তাকে আপনারা চিনেন, জানেন। সে আগে ঢাকার মেয়র ছিল, মন্ত্রী ছিল। অনেক উন্নয়ন করেছে।

“আগামীতে তাকে মগ মার্কায় ভোট দিয়ে ঢাকাকে মশামুক্ত, সন্ত্রাসমুক্ত, আবর্জনামুক্ত ও পরিচ্ছন্ন একটি শান্তির নগরীতে পরিণত করুন।”

আগের দিনের হামলায় ক্ষতিগ্রস্ত গাড়িতে চড়েই বিকালে গুলশানের বাসা থেকে সিটি নির্বাচনের গণসংযোগে বের হন বিএনপি চেয়ারপারসন। 

প্রথমে শাহজাহানপুর রেলওয়ে মার্কেটে গিয়ে নেমে কয়েকটি দোকানে নিজে মির্জা আব্বাসের প্রচারপত্র বিলি করেন খালেদা।

খিলগাঁও ফ্লাইওভার থেকে শাহজাহানপুর মোড় পর্যন্ত রাস্তার দুই ধারে বিএনপির কয়েক হাজার নেতা-কর্মী এসময় উপস্থিত ছিল।

এরপর গাড়িবহর রাজারবাগ সড়ক হয়ে মালিবাগে এসে টুইন টাওয়ার শপিং মলের সামনে পথসভা করে। এরপর শান্তিনগর, কাকরাইল হয়ে নয়া পল্টন, ফকিরাপুলের দিকে যান তিনি।

পুরনো খবর:

সেই গাড়িতে চড়েই প্রচারে খালেদা