২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোকোর দোয়া মাহফিলে তাবিথ

খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্মরণে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2015, 07:50 PM

Updated : 25 Apr 2022, 01:14 PM

শুক্রবার বিকালে কার্যালয়ের নিচতলায় এই দোয়া মাহফিলে দলের কেন্দ্রীয় নেতারা ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল অংশ নেন।

দোয়া মাহফিলের পর তাবিথ আউয়াল বলেন, “আমি মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করছি। তারুণ্যের নেতা তারেক রহমানের সুস্থতা কামনা করে সকলের কাছে আমি দোয়া চাই। আমার জন্য আপনারা সম্মিলিতভাবে কাজ করবেন।’’

বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়ার পর বৃহস্পতিবার তাবিথকে বিএনপির পক্ষ থেকে সমর্থন দেওয়ার কথা জানানো হয়। 

মুদ্রা পাচারের মামলায় দণ্ড নিয়ে মালয়েশিয়ায় পালিয়ে থাকা অবস্থায় গত ২৪ জানুয়ারি হৃদরোগে মারা যান কোকো। ঢাকায় আনার পর ২৭ জানুয়ারি বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। কোকোর স্ত্রী-সন্তানরা ফিরে গেছেন মালয়েশিয়ায়।

বিএনপি নেতাদের মধ্যে সেলিমা রহমান, ইনাম আহমেদ চৌধুরী, শাহজাহান ওমর, মাহবুবউদ্দিন খোকন, কাজী আসাদুজ্জামান, ড. আসাদুজ্জামান রিপন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, নুরে আরা সাফা, শিরিন সুলতানা, আসাদুল করীম শাহিন, সুলতানা আহমেদ, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, হাফেজ আবদুল মালেক, শাহ নেসারুল হকসহ অঙ্গসংগঠনের কয়েকশ নেতা-কর্মী দোয়া মাহফিলে অংশ নেন।

এছাড়া ২০ দলীয় জোটের শরিক কল্যাণ পার্টির চেয়ারম্যান মুহাম্মদ ইবরাহিম, মহাসচিব এম এম আমিনুল ইসলামও উপস্থিত ছিলেন।