ভোটের ৭ দিন আগে সেনা মোতায়েন চান এমাজ উদ্দিন
চলমান পরিস্থিতিকে ‘অস্বাভাবিক’ আখ্যা দিয়ে ভোটের এক সপ্তাহ আগে চট্টগ্রাম ও ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় সেনা মোতায়েন চেয়েছেন অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ।
শুক্রবার সকালে রাজধানীতে এক আলোচনা সভায় এই দাবি জানান বিএনপিসমর্থিত পেশাজীবী সংগঠনের এই নেতা।
সিটি করপোশেন নির্বাচনে দলসমর্থিত প্রার্থীদের পক্ষে গঠিত সংগঠন আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক এমাজ উদ্দিন বলেন, “এক অস্বাভাবিক অবস্থার মধ্যে ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচন আমাদের জন্য একটি চ্যালেঞ্জ।
“নির্বাচন কমিশনকে বলব, যাতে ভোটারা নির্বিঘ্নে ভোট দিতে পারে, সেজন্য ভোটগ্রহণের এক সপ্তাহ আগেই সেনাবাহিনীকে মাঠে থাকতে হবে।’’
‘কারচুপি ঠেকাতে’ ব্যালট বাক্স পাহারা দিতে ভোটারদের আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমি নিশ্চিত করে বলতে পারি, সুষ্ঠু নির্বাচন হলে, ভোটাররা ভোট দিতে পারলে তিন সিটি নির্বাচনেই আমরা বিজয়ী হবো- এতে কোনো সন্দেহ নেই।”
সকালে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ডেমোক্রেটিক কাউন্সিলের উদ্যোগে ‘খুন-গুম, অপহরণ, গ্রেপ্তার, নির্যাতনের প্রেক্ষাপটে সিটি করপোরেশনের নির্বাচন’ শীর্ষক এই আলোচনা সভা হয়।
এমাজ উদ্দিন বলেন, “আমরা নির্বাচন কমিশন সম্পর্কে কোনো অভিযোগ করতে চাই না। আমরা চাই এই নির্বাচন কমিশন সঠিকভাবে, দক্ষতার সঙ্গে সিটি নির্বাচন পরিচালনা করুক। আর যদি কমিশন নির্বাচন সুষ্ঠু করতে না পারে, তাহলে তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।”
এসময় প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাতের কথা তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য।
তিনি বলেন, “তিনি (সিইসি) আমার ৮ বছরের জুনিয়র। তার সঙ্গে সাক্ষাৎ করে আমি বলেছি, সিটি নির্বাচন আপনার জন্য একটা সুযোগ নিয়ে এসেছে- নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করার। ভোটাররা যাতে নিজের ভোট নিজে দিতে পারে, প্রার্থীরা যাতে ভোটারদের কাছে যেতে পারে- তা নিশ্চিত করতে হবে। হয়রানিমূলক মামলার দিয়ে অজ্ঞাত সংখ্যক আসামি করে যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের জামিন দিয়ে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে।”
রাজধানীর অপরিচ্ছন্ন অবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, “ঢাকা এখন পৃথিবীর নিকৃষ্টতম শহরের তালিকায় রয়েছে। আমরা চাই, একটি পরিচ্ছন্ন ঢাকা, আদর্শ ঢাকা। এজন্য যোগ্য প্রার্থীকে এবারের নির্বাচনে নির্বাচিত করতে হবে।”
৫ জানুয়ারি নির্বাচনের পুনরাবৃত্তি ঠেকাতে সজাগ থাকতে ঢাকা ও চট্টগ্রামবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
নির্বাচনী প্রচারে নামুন
এদিকে প্রেস ক্লাবেই আরেক আলোচনা সভায় সিটি নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের পক্ষে প্রচারণায় নামতে পেশাজীবীসহ নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন।
তিনি বলেন, “এবার আর ভয় পেলে চলবে না। ঘরে বসে না থেকে প্রার্থীর পক্ষে সম্মিলিতভাবে প্রচারণায় নামুন। আসুন এবার সিটি নির্বাচনে সুযোগ এসেছে, ভোটের মাধ্যমে এই সরকারের বিরুদ্ধে সমুচিত জবাব দেওয়ার।”
পেশাজীবী নেতা মাহমুদুর রহমান ও অধ্যক্ষ সেলিম ভুঁইয়াসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে কনফারেন্স লাউঞ্জে এই আলোচনা সভা হয়।
খন্দকার মাহবুব বলেন, “ঢাকা ও চট্টগ্রামের নির্বাচনে জনগণ দেখিয়ে দেবে, তারা বিএনপির সঙ্গে আছে।”
সংগঠনের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের শওকত মাহমুদ, ডক্টরস অ্যাসোসিয়েশনের অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, রফিকুল ইসলাম বাচ্চু, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের রিয়াজুল ইসলাম রিজু, এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশনের হাসান জাফির তুহিন, জাতীয়তাবাদী সম্মিলিত জোটের রফিকুল ইসলাম ও শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের জাকির হোসেন বক্তব্য রাখেন।
