চট্টগ্রামে কাউন্সিলর প্রার্থীদের তোপের মুখে দুই এমপি
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের কাগজ জমা দিতে এসে তোপের মুখে পড়তে হয়েছে আওয়ামী লীগের দুই সংসদ সদস্য এম এ লতিফ ও শামসুল হক চৌধুরীকে।
বৃহস্পতিবার বিকালে আওয়ামী লীগ সমর্থক ৩৫ জন ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন নিয়ে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে যান ক্ষমতাসীন দলের এই দুই সংসদ সদস্য।
তারা কয়েকজনকে নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘুরে ঢোকেন রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেনের কক্ষে।
সেখান থেকে বেরিয়ে লতিফ সাংবাদিকদের বলেন, “আমার সংসদীয় এলাকায় ১০টি ওয়ার্ড আছে। সেখানে সবাইকে ম্যানেজ করার চেষ্টা করেছি, যাতে প্রতিটি ওয়ার্ডে দলীয়ভাবে একক প্রার্থী দেওয়া যায়।”
এই ১০ ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত ৩৫ থেকে ৪০ জন প্রার্থী ছিল জানিয়ে তিনি বলেন, “আমরা সেখানে থেকে ১৩ থেকে ১৪ জনে কমিয়ে আনতে পেরেছি।”
লতিফ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় উত্তেজিত কাউন্সিলর প্রার্থীরা হৈ চৈ শুরু করেন। এরপর তিনি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ছেড়ে যান।
২৮ এপ্রিল অনুষ্ঠেয় এই নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল বৃহস্পতিবার। এই নির্বাচন দলীয়ভাবে না হলেও রাজনৈতিক দলগুলো বিভিন্ন পদে প্রার্থীদের সমর্থন দিচ্ছে।
মেয়র পদে আ জ ম নাছির উদ্দিনকে চূড়ান্ত করার পর প্রতিটি ওয়ার্ডে দলের একজন প্রার্থী ঠিক করতে চেষ্টা চালাচ্ছে চট্টগ্রাম নগর আওয়ামী লীগ, তবে তাতে বেগ পেতে হচ্ছে নেতাদের।
পরে লতিফ টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৪১টি ওয়ার্ডের মধ্যে ৭০ শতাংশটিতে দলের একক প্রার্থী ঠিক করতে পেরেছি।”
তার নিজের নির্বাচনী এলাকায় ১০টি ওয়ার্ডের মধ্যে সাতটিতে আওয়ামী লীগের একজন করে নেতা প্রার্থী হয়েছেন বলে দাবি করেন তিনি।
কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়ে তার কাছে জানতে চাইলে লতিফ কোনো মন্তব্য করতে রাজি হননি।
তবে ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম দাবি করেন, সংসদ সদস্য এম এ লতিফ ৩৬টি মনোনয়নপত্র প্রত্যাহারের কাগজ জমা দিয়েছেন।
৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জহির আহামদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের মনোনয়ন প্রত্যাহারপত্রে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়েছে। কিন্তু কাদের প্রার্থী করা হয়েছে, সে বিষয়ে কিছুই জানায়নি।”
এদিকে মনোনয়ন প্রত্যাহারপত্রে স্বাক্ষর করিয়ে নেওয়ার অভিযোগ রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিতভাবে দিয়েছেন ৩৭ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের নেতা এনামুল হক মুনিরী।
গত ৭ এপ্রিল চট্টগ্রাম চেম্বারে অনুষ্ঠিত বৈঠকে তাদের কাছ থেকে মনোনয়ন প্রত্যাহারপত্রে স্বাক্ষর নেওয়া হয় দাবি করে তিনি বলেন, “প্রার্থী বা নির্বাচিত প্রতিনিধি ছাড়া কেউ প্রত্যাহারের আবেদন করলে তা আইনত অবৈধ।”
৩৯ নম্বরের জিয়াউল হক সুমন এবং ৪০ নম্বরের কাউন্সিলর প্রার্থী আবদুল বারেক বলেন, গত ৭ এপ্রিলের সভায় তাদের কাছ থেকে ‘জোর’ করে প্রত্যাহারের সই নেওয়া হয়েছে।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন বলেন, কোন প্রার্থী নিজে বা তার নির্বাচিত ব্যক্তি, মনোনয়নপত্র প্রাপ্তি শিকার পত্র, রশিদ, ছবিসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে প্রত্যাহারের আবেদন করতে পারবেন।
কোন প্রার্থীকে জোর করে প্রত্যাহারে বাধ্য করা হলে তিনি আইনি ব্যবস্থা নিতে পারবেন বলেও জানান রিটার্নিং কর্মকর্তা।
দুই সংসদ সদস্যের আচরণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “তারা পাঁচটি মনোনয়নপত্র নিয়ে এসেছিলেন। কাগজপত্র ঠিক আছে কি না, তা দেখাতে।”
