চট্টগ্রামে ‘একক’ কাউন্সিলর প্রার্থী পেতে তৎপর আ. লীগ
দলীয় সভানেত্রীর ‘নির্দেশে’ চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচনে সব ওয়ার্ডে একক প্রার্থী ঠিক করতে তৎপরতা শুরু করেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতারা।
এজন্য মনোনয়নপত্র জমা দেওয়া কয়েকজন নেতার সঙ্গে গত মঙ্গলবার থেকে কয়েক দফায় বৈঠক করেছেন কেন্দ্রীয় নেতারা।
বুধবার সন্ধ্যা পর্যন্ত পাঁচটি ওয়ার্ডে একক প্রার্থী ঠিক করতে পারলেও কয়েকটি ওয়ার্ডে প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত দিতে পারেননি তারা।
চট্টগ্রাম-১১ আসনের সাংসদ এম এ লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, “নগরীর ৪১ ওয়ার্ডেই দলের একক প্রার্থী থাকবে। এটা নেত্রীর নির্দেশ।
“অন্যরা প্রত্যাহার করবে। কেউ থেকে গেলে দল সমর্থিত প্রার্থী হিসেবে গণ্য হবে না। দলের কেন্দ্রীয় কমিটির সদস্যরা এসে সভা করেছেন। তারা দলের সবাইকে স্পষ্টভাবে এ কথা জানিয়ে দিয়েছেন।”
মঙ্গলবার বিকালে আগ্রাবাদে চট্টগ্রাম চেম্বার কার্যালয়ে বন্দর এলাকার ১০টি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসেন আওয়ামী লীগ নেতারা। আর রাতে খুলশীতে কোতোয়ালীর কয়েকটি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের নিয়ে বৈঠক হয়।
এসব বৈঠকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল, আলাউদ্দিন নাসিম, সাংসদ এম এ লতিফ ও শামসুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।
খুলশীর বৈঠকে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিনও উপস্থিত ছিলেন।
এম এ লতিফ জানান, ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডে এইচ এম সোহেল, ২৯ নম্বর পশ্চিম মাদারবাড়িতে গোলাম আহমেদ জোবায়ের, ৩১ নম্বর আলকরণে তারেক সোলায়মান সেলিম, ৩২ নম্বর আন্দরকিল্লায় জহরলাল হাজারী ও ৩৪ নম্বর পাথরঘাটায় জালাল উদ্দিন ইকবালকে সমর্থন দেওয়া হয়েছে।
“বৃহস্পতিবার দুপুরের মধ্যে আমরা সব প্রার্থী ঠিক করতে পারব বলে আশা করি। দলের প্রতি বিশ্বস্ততা প্রমাণ করতে হলে দলের নির্দেশ মানতে হবে। বাকিরা দল সমর্থিত প্রার্থীর পক্ষে মনোনয়ন প্রত্যাহার করে নেবে,” বলেন তিনি।
এদিকে ‘একক’ প্রার্থী ঠিক করা নিয়ে দলের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের কারো কারো মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
দলের সমর্থন পাওয়া কাউন্সিলর প্রার্থী তারেক সোলায়মান সেলিম বলেন, “আমাদের ওয়ার্ডে আরও একজন ছিলেন। তিনি প্রত্যাহার করে নেবেন। শুরুতে হয়ত কিছুটা অসন্তোষ থাকবে। পরে ঠিক হয়ে যাবে।”
৩২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিলেও দলের সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহার করবেন বলে আশীষ ভট্টাচার্য জানান।
খুলশীর বৈঠকে থাকা আওয়ামী লীগ সমর্থিত সাবেক এক কাউন্সিলর বলেন, “গোয়েন্দা সংস্থার প্রতিবেদন ও নাগরিকদের মতামতের ভিত্তিতে তৈরি প্রতিবেদন দেখে দলীয় প্রার্থী ঠিক করা হচ্ছে।”
“ঢাকা থেকেই ক্রমানুসারে পয়েন্ট দিয়ে তালিকা পাঠানো হয়েছে। প্রার্থিতা প্রত্যাহার করতে হলে দলের সদস্যপদও প্রত্যাহার করব” বলেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক কাউন্সিলর প্রার্থী বলেন, দল সমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাছিরের জন্য ‘নিজের স্বপ্ন বলি দিয়েছেন’ তিনি।
