২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আপোসহীনের বদলে হলেন পাপস, পেলেন ঘোড়ার ডিম’

সরকারবিরোধী আন্দোলনে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কার্যালয় ছেড়ে বাসায় গিয়ে তার ‘আপোসহীন’ নেত্রীর ভাবমূর্তি খুইয়েছেন বলে মনে করছেন আওয়ামী লীগ নেতা শাজাহান খান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2015, 02:39 PM

Updated : 25 Apr 2022, 01:13 PM

আসন্ন সিটি করপোরেশন নির্বাচন ঘিরে বিএনপি নেত্রীকে রাস্তায় নামতে দেবেন না বলেও ঘোষণা দিয়েছেন তিনি।

বুধবার রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় নৌপরিবহনমন্ত্রী শাজাহান বলেন, “অনেকে বলেন- খালেদা জিয়া সিটি নির্বাচনে প্রচারণায় নামবেন। কোন মুখে উনি নামবেন? বাংলার মানুষ এত বোকা না।”

“আমার ভাই মরেছে। জামায়াত-বিএনপির নেত্রী খালেদা জিয়া খুনি। এই খুনিদের রাস্তায় নামার সুযোগ দেওয়া হবে না।”

তৈরি পোশাক খাতে বিভিন্ন সময়ে অস্থিরতার জন্য ‘বামপন্থিদের’ দায়ী করে পরিবহন শ্রমিক নেতা শাজাহান খান বলেন, “গার্মেন্টস খাতে বামপন্থিরা ফাউল খেলে পা ভেঙে ঘরে বসে আছে। আর রাজনীতিতে খালেদা জিয়া ফাউল খেলে পা ভেঙে ঘরে বসে আছেন। শূন্য হাতে পরাজিত সৈনিকের মতো চুপিসারে ঘরে ফিরে গেছেন।”

গত তিন মাসের অবরোধ-হরতালে বিএনপির ক্ষতি ছাড়া লাভ হয়নি মন্তব্য করে তিনি বলেন, “৯২ দিনের আন্দোলনে ‘ঘোড়ার ডিম’ অর্জন করেছেন। এই ‘ঘোড়ার ডিম’ নিয়ে ঘরে বসে আছেন। খালেদা এখন নিজের দলের কর্মীদের ওপর আস্থা রাখতে পারছেন না। এটাই উনার জন্য ভয়ঙ্কর পরিণতি।”

বিএনপি চেয়ারপারসনের উদ্দেশে তিনি বলেন, “সরকারের বিরোধিতা করে, মানুষ হত্যা করে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি তৈরি করবেন? বাংলার মানুষ তা হতে দেবে না।”

একাত্তর ও পঁচাত্তরের খুনি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যারা ‘হত্যা করতে চায়’ তারা সবাই মিলে খালেদা জিয়াকে ‘ঘষেটি বেগমের’ ভূমিকায় বসিয়েছেন বলে মন্তব্য করেন শাজাহান খান।

ঘষেটি বেগমের ইতিহাস টেনে তিনি বলেন, “ঘষেটি বেগমের কবর জোটেনি। খালেদা জিয়া মিথ্যাচারিণী খলনায়িকা, আপোসহীনের বদলে পাপস হয়ে গেছেন। এই পাপসের কোথায় জায়গা হয় তা দেখার জন্য বাংলার মানুষ অপেক্ষা করছে।”

মুক্তিযুদ্ধের পক্ষের সাংস্কৃতিক কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

এটিএম শামসুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, কবি রবীন্দ্র গোপ, সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

খালেদার ফেরা ব্যর্থতার গ্লানি নিয়ে: হাসিনা