খালেদার সঙ্গে সংলাপের সম্ভাবনা নেই: আমু
‘সন্ত্রাসের মদদদাতা’ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সংলাপের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
স্থানীয় সময় শনিবার রাতে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে আওয়ামী লীগের প্রবাসী নেতাকর্মীদের সঙ্গে এক সমাবেশে একথা বলেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য আমু।
মন্ত্রী বলেন, “নাশকতা এবং পেট্রোল বোমা হামলাকারীদের সঙ্গে সংলাপের অর্থ হচ্ছে সন্ত্রাসীদের প্রশ্রয় দেওয়া। তাই সন্ত্রাসের মদদদাতা বেগম খালেদা জিয়ার সঙ্গে সংলাপের কোনো প্রশ্নই উঠে না।”
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের রাষ্ট্রে পরিণত হতে চলেছে উল্লেখ করে আমু বলেন, ‘খালেদা জিয়া শেখ হাসিনার বিরোধিতা করছেন না, বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতির বিরোধিতা করছেন।
“শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হতে চলেছে- এটি সহ্য হচ্ছে না বেগম জিয়ার। প্রকৃত সত্য হচ্ছে, বাংলাদেশের অস্তিত্বে যারা বিশ্বাসী নয়, তাদের পক্ষে মাঠে নেমেছেন বেগম জিয়া।”
শিল্পমন্ত্রী বলেন, “ভয়-ভীতি আর সন্ত্রাসের মধ্য দিয়ে বিএনপি-জামাত জোট ক্ষমতায় যেতে চেয়েছিল। কিন্তু একাত্তরের চেতনায় উজ্জীবিত বাঙালিরা সে ধরনের মতলববাজির রাজনীতিকে ঠাঁই দেননি।”
“তবে ষড়যন্ত্র থেমে নেই। দেশ এবং বিদেশে বসে অনেকেই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। এহেন ষড়যন্ত্র সম্পর্কে আওয়ামী লীগের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকতে হবে সকল ধরনের বিভেদ পরিহার করে।”
সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ ও যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ আজাদ বক্তব্য রাখেন।
