২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিজভীর রিমান্ড স্থগিত

একটি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে পুলিশ রিমান্ডে পাঠিয়ে নিম্ন আদালতের আদেশ এক মাসের জন্য স্থগিত করেছে হাই কোর্ট।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2015, 07:10 PM

Updated : 25 Apr 2022, 01:13 PM

বিচারপতি মো. নুরুজ্জামান ও জাফর আহমেদের বেঞ্চ রোববার রিজভীর আবেদনের শুনানি শেষে তার তিন দিনের রিমান্ডের আদেশ স্থগিত করেন।

হরতাল-অবরোধে গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় গত ১৮ জানুয়ারি শেরেবাংলা নগর থানায় পুলিশের একটি মামলায় মহানগর হাকিম গত ৩১ মার্চ রিজভীকে তিন দিনের রিমান্ড দেন।

রিমান্ড আদেশ বাতিল চেয়ে ৪ এপ্রিল হাই কোর্টে আবেদন করেন কারাবন্দি রিজভী। রিজভীর পক্ষে জয়নুল আবেদীন শুনানিতে অংশ নেন, তার সঙ্গে ছিলেন কবীর হোসেন লিয়ন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আব্দুর রকিব মন্টু।

রিজভীর আইনজীবী লিয়ন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শেরেবাংলা নগর থানার মামলায় আদেশ হলেও বিএনপি নেতাকে এখনও পুলিশ তাদের হেফাজতে নেয়নি।

“৭টি মামলায় রিজভীকে ২৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তার ওপর রাজনৈতিক হয়রানি করা হচ্ছে, যা সংবিধানের ৩৫ (৪) অনুচ্ছেদের পরিপন্থি। তাই তার রিমান্ড বাতিলের আবেদন করা হয়েছিল।”

রাষ্ট্রপক্ষের আইনজীবী মন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রিজভীর রিমান্ড বাতিল করে দেওয়া হাই কোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের অবরোধ-হরতালের মধ্যে বাড্ডা থানায় দায়ের করা এক মামলায় গত ১ ফেব্রুয়ারি থেকে গ্রেপ্তার আছেন রিজভী।

তিনি গাজীপুরের কাশিমপুর কারাগারে ছিলেন। তবে হাই কোর্টের আদেশের আগেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় পাঠানো হয়।