সিটি নির্বাচন নিয়ে বদরুদ্দোজার সংশয়
তফসিল ঘোষণা হলেও আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচন আদৌ সুষ্ঠুভাবে আয়োজন করা সম্ভব হবে কি না- সে বিষয়ে সংশয় প্রকাশ করেছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী।
বিএনপির ‘নিখোঁজ’ যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদের গুলশানের বাসায় গিয়ে তার পরিবারের প্রতি সমমর্মিতা জানানোর পর সোমবার সাংবাদিকদের সঙ্গে সিটি নির্বাচন নিয়ে কথা বলেন তিনি।
বদরুদ্দোজা বলেন, “আমি মনে করি, আসন্ন সিটি নির্বাচন হবে কিনা তা নিয়ে এখনো সন্দেহ রয়েছে। নির্বাচন হলেও তা সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কিনা তা নিয়েও যথেষ্ট সংশয় আছে। কারণ এই সরকারের আমলে সুষ্ঠু নির্বাচনের বিষয়ে অতীতে আমাদের তিক্ত অভিজ্ঞতা রয়েছে।’’
২৮ এপ্রিল ভোটের দিন রেখে নির্বাচন কমিশন ঢাকার উত্তর, দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের যে তফসিল ঘোষণা করেছে তাতে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন রাখা হয়েছে ২৯ মার্চ।
এরই মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ ঢাকা-চট্টগ্রামে নিজেদের পছন্দের প্রার্থীকে সমর্থন দিলেও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে হরতাল-অবরোধ কর্মসূচিতে থাকা বিএনপির আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
বিগত বিএনপি সরকারের সময়ে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা বদরুদ্দোজা চৌধুরী বলেন, “এই সিটি করপোরেশন নির্বাচন সরকারের ট্র্যাপও হতে পারে, নাও হতে পারে। বিএনপি বলেছে, আন্দোলন থেকে জনদৃষ্টি অন্যত্র নিতে এই নির্বাচন সামনে এনেছে। সরকার হচ্ছে সকল শক্তির আধার। যখন দেখবে জেতার সম্ভাবনা নেই, তখন তারা একটা মামলা ঠুকে দিয়ে নির্বাচন বন্ধ করে দিতে পারে।”
বিকল্পধারা বাংলাদেশ বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে না থাকলেও গতবছর ৫ জানুয়ারির নির্বাচন বর্জন করে। ওই নির্বাচনে জয়ী হয়েই আওয়ামী লীগ টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসে।
সরকারের উদ্দেশে বদরুদ্দোজা বলেন, “২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন করে যে অপরাধ আপনারা করেছেন, তার শাপমোচন করতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন।”
দীর্ঘ আট বছর ধরে নির্বাচনের অপেক্ষায় থাকা ঢাকা সিটি করপোরেশন এখন দুই ভাগ হলেও ২০০২ সালে অবিভক্ত সিটির সর্বশেষ নির্বাচনে জয়ী হয়ে দীর্ঘদিন মেয়রের দায়িত্ব পালন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা।
আর চট্টগ্রামের মেয়রের দায়িত্বে থাকা এম মনজুর আলমও ২০১০ সালের নির্বাচন পার হয়েছিলেন বিএনপির সমর্থন নিয়ে।
ক্ষমতাসীন দলের নেতারা বলছেন, সিটি করপোরেশন নির্বাচন অবরোধ-হরতালের কর্মসূচি থেকে বিএনপিকে বেরিয়ে আসার ‘সুযোগ’ তৈরি করে দিয়েছে। আর বিএনপি জোট সেই সুযোগ নেবে বলেই তারা আশা করছেন।
