সিটি নির্বাচন বিএনপির জন্য সুযোগ: শাজাহান খান
আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়ে বিএনপি ‘বন্দিদশা’ থেকে বেরিয়ে আসতে পারে বলে মন্তব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।
শনিবার চট্টগ্রামে এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের বলেন, “তিনি (খালেদা জিয়া) রাজনৈতিক কোমায় আছেন। সন্ত্রাস ছাড়–ন, গণতন্ত্রের পথে আসুন। নির্বাচনের সুযোগ সৃষ্টি করে দিয়েছি, এতে অংশ নিন।”
সরকারবিরোধী আন্দোলনে থাকা বিএনপিকে সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে ক্ষমতাসীন দলের নেতারা আহ্বান জানিয়ে এলেও তারা এখনও সিদ্ধান্ত নেয়নি।
শাজাহান খান বলেন, নির্বাচনই গণতন্ত্রের একমাত্র পথ। এর বাইরে থেকে রাজনৈতিক দল সফলতা আনতে পারে না। নির্বাচনে সকলকে আসতে হবে।
নির্বাচনে ত্রুটি থাকলে তা নিয়ে কথা বলা যেতে পারে মন্তব্য করে তিনি বলেন, “কিন্তু নির্বাচনে অংশ না নিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করব, সন্ত্রাস করব, তা হতে পারে না।”
আড়াই মাস ধরে বিএনপি জোটের হরতাল-অবরোধে সহিংসতায় শতাধিক মানুষ মারা গেছেন। এজন্য বিএনপি জোটকে দায়ী করে নাশকতা কঠোরভাবে দমনের কথা বলে আসছে সরকার।
শাজাহান খান বলেন, “সন্ত্রাসের কাছে কখনোই মাথা নত করা যাবে না। সন্ত্রাস কোনো দেশে বিজয় লাভ করেনি, এদেশেও হবে না। বরং সন্ত্রাসের বিরুদ্ধে যে জনমত ও জনরোষ সৃষ্টি হচ্ছে, তা তাদের উপলব্ধি করতে হবে।”
৫ জানুয়ারির নির্বাচনে বিএনপির অংশ না নেওয়ার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “আশা করি, তারা এবারের ট্রেন মিস করবেন না।”
চট্টগ্রামের বন্দর এলাকায় অবস্থিত ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটের ১৪তম ব্যাচের শিক্ষা সমাপণী কুচাকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌমন্ত্রী।
ওই অনুষ্ঠানে তিনি নির্বাচন নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
অনুষ্ঠানে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রফিকুল ইসলাম, চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজাম উদ্দিন আহমেদ, ইন্সটিটিউটের অধ্যক্ষ ক্যাপ্টেন ফয়সাল আজিম উপস্থিত ছিলেন।
