২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিটি ভোট: চট্টগ্রামের নেতাদের ডেকেছেন হাসিনা

তফসিল ঘোষণার পর চট্টগ্রামের আওয়ামী লীগ নেতাদের ঢাকায় ডেকেছেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2015, 10:11 PM

Updated : 22 Aug 2022, 11:56 AM

শুক্রবার সন্ধ্যায় গণভবনে একটি বৈঠক হবে জানিয়ে আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, এতে আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী নিয়ে আলোচনা হবে।

চট্টগ্রামের সংসদ সদস্য ও কেন্দ্রীয় সভপতিমণ্ডলীর সদস্য মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জানান, চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার সভাপতি-সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় নেতাদের বৈঠকে ডাকা হয়েছে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৈঠকে সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঠিক করা নিয়ে আলোচনা হতে পারে।”

২৮ এপ্রিল ভোটের দিন রেখে বুধবার ঢাকার দুটির সঙ্গে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

ঢাকার দুই সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের সম্ভাব্য দুই মেয়র প্রার্থী ঠিক হলেও চট্টগ্রামে কাউকে সমর্থন জানানো এখনও হয়নি।

চট্টগ্রামে মেয়র নির্বাচনে প্রার্থী হতে চান নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন ও কোষাধ্যক্ষ সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম।

তিনজনই চট্টগ্রাম মহানগরীতে প্রচার শুরু করেছেন। তবে বলেছেন, প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের ওপর নির্ভর করবে প্রার্থিতা।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের সম্প্রতি চট্টগ্রাম সফরে এক সভায় বলেছিলেন, শেখ হাসিনাই চট্টগ্রামে মেয়র প্রার্থী ঠিক করবেন।

এই সিটি কর্পোরেশনে বর্তমানে বিএনপির এম মঞ্জুর আলম মেয়রের দায়িত্ব। তার আগের তিন বারের মেয়র মহিউদ্দিনকে হারিয়ে ২০১০ সালে নির্বাচিত হন তিনি।

সভাপতি ও সাধারণ সম্পাদকদের বৈঠকে ডাকায় গণভবনে মেয়র পদে দুই মনোনয়ন প্রত্যাশী মহিউদ্দিন ও নাছিরেরও থাকার সুযোগ তৈরি হয়েছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাকে ওই বৈঠকে থাকতে বলা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের রাজনৈতিক মহলে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী ঠিক হয়েছে বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে দলটির নেতাদের সঙ্গে কথা বলে তার কোনো ভিত্তি পাওয়া যায়নি।  

নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ (বৃহস্পতিবার) রাতে গণভবনে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের এক বৈঠক হয়। সেখানে চট্টগ্রাম নিয়ে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি।”

সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ নিয়ে বিএনপির সিদ্ধান্ত এখনও জানা যায়নি। ফলে বর্তমান মেয়র মঞ্জুর নির্বাচন করবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।

পুরনো খবর:

চট্টগ্রামে আ. লীগ চেয়ে হাসিনার দিকে, বিএনপি নিশ্চুপ