২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিএনপিতে ভাঙন শিগগির’

আন্দোলনের নামে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার সঙ্গে একমত না হওয়ায় বিএনপির বিবেকবান নেতারা খালেদা জিয়ার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন বলে দাবি করেছেন আওয়ামী লীগ নেতা মাহবুব উল-আলম হানিফ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2015, 04:16 PM

Updated : 22 Aug 2022, 11:55 AM

অচিরেই বিএনপিতে ভাঙন শুরু হতে চলেছে বলেও মন্তব্য করেছেন তিনি।

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার রাজধানীর লালবাগে এক দলীয় সভায় হানিফ বলেন, “খালেদা জিয়া আপনার নেতাকর্মীরা বিএনপিতে আর থাকবে না। তারা বিকল্প রাস্তা খুঁজবেন, খুজতে শুরু করেছেন। আপনি আপনার পতন ধ্বনি শুনতে পাচ্ছেন কি না আমরা জানি না।”

চলমান সরকারবিরোধী আন্দোলনের মাধ্যমে বিএনপি নেত্রী তার দল থেকে ‘বিচ্ছিন্ন’ হতে চলেছেন মন্তব্য করে আওয়ামী লীগের এই যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, “বেগম খালেদা জিয়া আপনি যদি এভাবে চলেন তাহলে আপনি আপনার দল থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। আপনার দলের ভাঙন অতি শিগগিরই হবে। সেটা শোনার জন্য কান পেতে থাকুন বেগম খালেদা জিয়া।”

হানিফ বলেন, “খালেদা জিয়ার সংবাদ সম্মেলনে সিনিয়র কোনো নেতা ছিলেন না। কারণ যারা বিবেকবান, যাদের দেশের মানুষের প্রতি ন্যূনতম দায়িত্ববোধ আছে- তারা বেগম খালেদা জিয়ার এই ভাবে পেট্রোল দিয়ে মানুষ হত্যা পছন্দ করেন না। এ কারণে তারা আজকে বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।”

জিয়াউর রহমানের আমলে স্বাধীনতাবিরোধীদের বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, “উনি যে স্বাধীনতার পক্ষে ছিলেন সেটা আজও প্রমাণিত নয়। পাঁচত্তরের পর ক্ষমতা দখল করে ১১ হাজার রাজাকারকে মুক্ত করে দিয়েছিলেন।

“শাহ আজিজুর রহমানের মতো রাজাকারকে প্রধানমন্ত্রী, আব্দুল আলীমের মতো রাজাকারকে রেলমন্ত্রী বানিয়েছিলেন। গোলাম আযমকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। খুনি জিয়া মুক্তিযুদ্ধের নায়ক নয় খলনায়ক ছিলেন।”

লালবাগ থানা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে অন্যদের মধ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ, সাংগঠনিক সম্পাদক সাঈদ খোকন, সাবেক সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন উপস্থিত ছিলেন।