তারেককে রাখলে যুক্তরাজ্যকে ভুগতে হবে: শাজাহান খান
২১ অগাস্ট গ্রেনেড হামলার আসামি তারেক রহমানকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের হোতা’ আখ্যায়িত করে বিচারের জন্য তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানিয়েছেন নৌমন্ত্রী শাজাহান খান।
“আপনারা যদি তাকে ফিরিয়ে না দেন তাহলে তার সন্ত্রাসী কর্মকাণ্ড সারা লন্ডনে ছড়িয়ে পড়বে,” ইউরোপের দেশটিকে সতর্ক করে বলেছেন তিনি।
বিএনপি জোটের অবরোধ-হরতালে নাশকতা বন্ধের দাবিতে সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে প্রাথমিক শিক্ষক সমিতির মানববন্ধনে বক্তব্যে শাজাহান খান একথা বলেন।
তিনি বলেন, “বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের হোতা তারেককে দেশে ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশের মানুষের প্রত্যাশা, তারেককে দেশে এনে প্রচলিত আইনে বিচার করা হোক।”
সাত বছর ধরে লন্ডনে অবস্থানরত খালেদা জিয়ার ছেলে তারেকের বাংলাদেশি পাসপোর্ট বৈধতা হারিয়েছে বলে কূটনৈতিক সূত্রের খবর। তাকে ফেরত আনার চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ।
বিএনপি জোটের অবরোধ-হরতালের প্রসঙ্গে শাহাজান খান বলেন, “খালেদা জিয়া সন্ত্রাসীদের রক্ষার জন্য, দুর্নীতি মামলা থেকে রক্ষার জন্য এবং যুদ্ধাপরাধীদের বাঁচাতে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করছে।”
পরীক্ষার মধ্যে হরতাল দিয়ে বিএনপি চেয়ারপারসন শিক্ষাব্যবস্থা ‘ধ্বংস’ করছেন বলেও অভিযোগ করেন তিনি।
নাশকতার বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে শাজাহান খান বলেন, “দায়িত্ব শুধু সরকারি বাহিনীর নয়, এই দায়িত্ব সর্বস্তরের মানুষের।”
