২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খনি দুর্নীতি: খালেদাকে তলব

বড় পুকুরিয়া কয়লা খনির ইজারায় দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৬ আসামিকে তলব করেছে বিচারিক আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2015, 12:23 PM

Updated : 22 Aug 2022, 11:55 AM

ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক হোসনে আরা বেগম সোমবার এই আদেশ দেন।

এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী কবির হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিচারক ১৩ এপ্রিল আসামিদের আদালতে হাজির হতে বলেছেন। খালেদা জিয়া নিজে এসে অথবা আইনজীবীর মাধ্যমে হাজিরা দিতে পারবেন।”

তবে বিচারক এজলাসে বসে খালেদা জিয়াকে স্বশরীরে হাজির হতে মৌখিক নির্দেশ দিয়েছিলেন বলে উপস্থিত আইনজীবীরা জানিয়েছেন। তারা বলছেন, পরে বিচারকের লিখিত আদেশে আইনজীবীদের মাধ্যমে হাজিরা দিতে পারবেন বলে উল্লেখ করা হয়।

দুদকের আইনজীবী কবির হোসাইন এবং খালেদা জিয়ার অন্যতম আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ উভয়ই বিচারকের ওই মৌখিক নির্দেশের কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

দুই আইনজীবীই বলেন, তারা বিচারকের মৌখিক আদেশের ভিত্তিতে গণমাধ্যমে সেই কথাই বলেছিলেন, যা কয়েক ঘণ্টা টেলিভিশনে সম্প্রচারিতও হয়।

পরে লিখিত আদেশে দেখা যায়, শুধু কারাগারে থাকা আসামি খন্দকার মোশারফ হোসেন, মতিউর রহমান নিজামী ও আলী আহসান মো. মুজাহিদকে আদালতে হাজির করতে নির্দেশ দেওয়া হয়েছে।

জয়নুল আবেদিন মেজবাহ জানান, এ মামলা বাতিলে খালেদা জিয়ার একটি আবেদন হাই কোর্টে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এ বিষয়ে হাই কোর্টের আদেশ সোমবার বিচারিক আদালতে দাখিলের দিন ধার্য ছিল।

বিএনপি চেয়ারপারসনের ওই আবেদনে হাই কোর্টের জারি করা রুলের নিষ্পত্তি করে রোববারই রায় ঘোষণার কথা থাকলেও তার আইনজীবীদের সময়ের আবেদনে তা পিছিয়ে যায়।

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের হাই কোর্ট বেঞ্চ এই রায়ের জন্য আগামী ৫ এপ্রিল নতুন দিন ঠিক করে দিয়েছে।

সাবেক চারদলীয় জোট সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ১০ মন্ত্রীসহ ১৬ জনের বিরুদ্ধে বিগত সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবাধয়ক সরকারের সময় এই মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি শাহবাগ থানায় মামলা হওয়ার পর ৫ অক্টোবর ১৬ জনের বিরুদ্ধেই আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।

এতে বলা হয়, চীনা প্রতিষ্ঠান কনসোর্টিয়াম অফ চায়না ন্যাশনাল মেশিনারিজ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশনের (সিএমসি) সঙ্গে বড় পুকুরিয়া কয়লা খনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি করার মধ্য দিয়ে আসামিরা রাষ্ট্রের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি করেছেন।

২০০৮ সালের ১৬ অক্টোবর খালেদার বিরুদ্ধে এ মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করে হাই কোর্ট। মামলাটি কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুলও দেওয়া হয়।

হাই কোর্টের ওই আদেশ আপিলেও বহাল থাকে। ফলে আটকে যায় খনি দুর্নীতি মামলা।

দীর্ঘদিন আটকে থাকার পর দুর্নীতি দমন কমিশন সম্প্রতি মামলাটি সচল করার উদ্যোগ নিলে হাই কোর্টের দেওয়া রুলের চূড়ান্ত শুনানি শুরু হয় গত ৩ মার্চ।

২০১২ সালের ১৫ জানুয়ারি এ মামলা থেকে স্থায়ী জামিন পান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

পুরনো খবর:

খনি দুর্নীতি: আইনজীবী ‘ব্যস্ত’, খালেদার আবেদনের রায় পেছাল
খনি দুর্নীতি: হাই কোর্টের এক বেঞ্চে খালেদার ‘অনাস্থা’