খালেদা জিয়া গ্রেপ্তার না হওয়ায় যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের ক্ষোভ
পরোয়ানা জারির পরও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের নেতারা।
নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের ফুডকোর্ট মিলনায়তনে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় আয়োজিত আলোচনা সভায় এ প্রতিক্রিয়া জানান তারা।
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মদিন উপলক্ষে ‘বাংলাদেশে পরিস্থিতি থেকে উত্তরণের উপায়’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ।
সংগঠনের সভাপতি নূরন নবীর সভাপতিত্বে এতে যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক এম এ বাতেন, মুক্তিযোদ্ধা ফারুক হোসেন, সৈয়দ মুহম্মদ উল্লাহ, সউদ চৌধুরী, শিতাংশু গুহ, স্বীকৃতি বড়ুয়া, জাকারিয়া চৌধুরী, জিনাত নবীসহ অন্যরা অংশ নেন।
বাংলাদেশে চলমান নাশকতা ও সন্ত্রাসে খালেদা জিয়াকে ‘মদদদাতা’ অভিহিত করে তাকে গ্রেপ্তারে অহেতুক কালক্ষেপণের জন্যে ক্ষোভ প্রকাশ করেন আলোচকরা।
তারা বলেন, খালেদা জিয়াকে তার কৃতকর্মের শাস্তি দেওয়ার মধ্য দিয়েই চলমান অস্থিতিশীলতার শান্তিপূর্ণ অবসান ঘটবে।
খালেদা জিয়ার সংবাদ সম্মেলনের নামে সাংবাদিক ও জাতির সঙ্গে প্রতারণা করেছেন অভিযোগ করে বক্তারা বলেন, জাতি যখন আশা করছিলো যে বিএনপি নেত্রী অবরোধ প্রত্যাহার করে নেবেন, তখন তিনি আবারও জাতির সঙ্গে বেঈমানি করলেন এবং গত তিন মাসের কথাবার্তার একঘেয়ে পুনরাবৃত্তি করলেন।
সভায় অংশ নেওয়া সবাই সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান।
