২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার কার্যালয়ের সামনে দগ্ধদের চেহারা

হরতাল-অবরোধে পেট্রোল বোমায় দগ্ধদের ছবি সম্বলিত একটি ব্যানার গুলশানে বিএনপি চেয়ারপারসনের  কার্যালয়ের সামনে টাঙানো হয়েছে, দুই মাসের বেশি সময় আগে অবরোধ ডেকে যেখানে আছেন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2015, 03:21 PM

Updated : 25 Apr 2022, 01:08 PM

শনিবার সরকার সমর্থিত ‘সচেতন তরুণ প্রজন্ম’ নামে একটি সংগঠন ব্যানারটি কার্যালয়ের সামনের একটি গাছে টাঙিয়ে দেয়।  

বেলা সাড়ে ১১টার দিকে গুলশান ২ নম্বর থেকে পদযাত্রা সহকারে সংগঠনটির শতাধিক নেতাকর্মী ৮৬ নম্বর সড়কে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে এলে পুলিশ গুলশান স্কুল অ্যান্ড কলেজের সামনে বাধা দেয়।

সেখানে আধা ঘণ্টা মানববন্ধন করার পর ‘এদের কী অপরাধ ছিলো’ লেখা রঙিন ডিজিটাল ব্যানারটি গাছে ঝুলিয়ে দেয় তারা।

সংগঠনের আহ্বায়ক আসাদুজ্জামান উজ্জ্বল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তিতুমীর কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা আছেন তাদের সঙ্গে।

“আমরা এখানে এসেছি পেট্রোল বোমাসহ সন্ত্রাস ও জঙ্গিবাদ বন্ধের দাবি নিয়ে। আমরা চাই, আমাদের শিক্ষাজীবন যাতে হরতাল ও  সন্ত্রাসের কারণে ব্যাহত না হয়।

“খালেদা জিয়ার দৃষ্টি আকর্ষণ করতেই আমরা এখানে মানববন্ধন করতে এসেছি।”

গত ৩ জানুয়ারি থেকে গুলশানের কার্যালয়ে অবস্থান করছেন খালেদা জিয়া। দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তির কর্মসূচি পালন করতে না পেরে এই কার্যালয় থেকেই লাগাতার অবরোধের ডাক দিন তিনি।

এরপর থেকে বাস-ট্রাকে অবরোধ সমর্থকদের পেট্রোল বোমা, অগ্নিসংযোগ ও হাতবোমার বিস্ফোরণসহ নানা ধরনের নাশকতায় শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। বর্তমানে পেট্রোল বোমা হামলা কিছুটা কমে এলেও দগ্ধ অনেকে এখনো বিভিন্ন হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন।    

এর আগে আওয়ামী লীগ সমর্থিত শিল্পী-সাহিত্যিকদের পক্ষ থেকে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে বার্ন ইউনিটে চিকিৎসাধীনদের ছবি সম্বলিত একটি ব্যানার ঝোলানো হয়েছিল।