২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এহসানুল হক মিলনকে গ্রেপ্তারে আরেকটি পরোয়ানা

গাড়ি ভাংচুর ও ছিনতাই মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন ও তার স্ত্রী নাজমুন নাহার বেবীসহ আট জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে আদালত।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2015, 04:37 PM

Updated : 22 Aug 2022, 11:54 AM

বৃহস্পতিবার চাঁদপুরের মুখ্য বিচারিক হাকিম মো. আতাউর রহমান এই আদেশ দেন।

এ নিয়ে চাঁদপুরের আদালতে তিন মামলায় মিলনের বিরুদ্ধে তিনটি গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো।

মামলার বাদী কলিম উল্যার আইনজীবী মো. হেলাল উদ্দিন জানান, ২০০৯ সালের ৬ মে চাঁদপুরের কচুয়া থানায় মিলন ও তার স্ত্রীসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৩৮ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।

মামলার বাদী কলিম উল্যা কচুয়া উপজেলার সাচার এলাকার প্রয়াত হায়দার আলী বেপারীর ছেলে।

মামলায় মিলন ও তার স্ত্রীর বিরুদ্ধে টাকা ও স্বর্ণের নেকলেছ ছিনতাই এবং গাড়ি ভাংচুরের অভিযোগ আনা হয় বলে জানান তিনি।

অ্যাডভোকেট হেলাল উদ্দিন জানান, বৃহস্পতিবার মামলার ধার্য তারিখে আদালতে হাজির না থাকায় মিলন ও তার স্ত্রীসহ আট জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ হয়।

এর আগে গত ২৭ জানুয়ারি চুরি, ছিনতাই ও চাঁদাবাজির মামলায় মিলনের বিরুদ্ধে চাঁদপুরের বিচারিক হাকিম শায়লা শারমিন গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

মিলনের আইনজীবী মইনুল ইসলাম জানান, ২০১০ সালে কচুয়া উপজেলার আমুজান এলাকায় চুরি, ছিনতাই, চাঁদাবাজির অভিযোগ আওয়ামী লীগকর্মী পালাশ মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

অপরদিকে জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী তথ্য বিবরণী মামলায় হাজির না হওয়ায় জ্যেষ্ঠ বিচারক হাকিম অসিম কুমার দে মিলনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

২০০৯ সালের ২৮ জুলাই চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মিছবা উদ্দিন আহমেদ বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আয়-ব্যয় বিবরণী সঠিক সময়ে জমা দেওয়া হয়নি।

গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৪ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ৪৪/সি ধারায় এই মামলা দায়ের করা হয় বলে জানান অ্যাডভোকেট মইনুল ইসলাম।

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলনের বিরুদ্ধে চাঁদপুরের আদালত ও বিভিন্ন থানায় মোট ৩১টি মামলা রয়েছে। এসব মামলায় তিনি ২০১০ সালের ১৪ মার্চ গ্রেপ্তার হন। দেড়বছর কারাবাস শেষে ২০১১ সালের জুন মাসে তিনি কুমিল্লা কারাগার থেকে মুক্তি পান।